Monday 04 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশের বিভিন্ন জেলায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন

সারাবাংলা ডেস্ক
২ মে ২০২৬ ২২:০১ | আপডেট: ৩ মে ২০২৬ ১০:২৩

দেশের বিভিন্ন জেলায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধনের বিভিন্ন মুহূর্তের ছবি।

দেশের বিভিন্ন জেলায় একযোগে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২ মে) এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়। যশোর, ফরিদপুর ও নওগাঁয় পৃথক আয়োজনে প্রতিযোগিতার উদ্বোধনের সংবাদ তুলে এনেছেন সারাবাংলার প্রতিনিধিরা।

আয়োজক সূত্রে জানা যায়, সিলেট স্টেডিয়াম থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান এসব উদ্বোধনী কার্যক্রমে অংশ নেন।

যশোর
যশোরে শামসুল হুদা স্টেডিয়ামে বিকেলে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে প্রতিযোগিতা শুরু হয়।

অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘ক্রীড়াঙ্গনে ভিত্তি গড়ে ওঠে স্কুল পর্যায় থেকে। তারই অংশ হিসেবে সারাদেশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর উদ্যোগ নিয়েছে সরকার। এর আগে, দেশে নতুন কুঁড়ি সাংস্কৃতিক কর্মকাণ্ডে ভূমিকা রাখলেও প্রথমবারের মতো বিস্তৃতি ঘটলো ক্রীড়াক্ষেত্রেও। এর ফলশ্রুতিতে আগামী পাঁচ বছরের মধ্যে ক্রীড়াঙ্গনের চিত্র পাল্টে যাবে।’

বিজ্ঞাপন

এ অনুষ্ঠানে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ক্রীড়া সংগঠক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ফরিদপুর
ফরিদপুরে জেলা স্টেডিয়ামে বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

তিনি বলেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টসই মাদকমুক্ত প্রজন্ম গড়ে তুলবে এবং আমাদের ছেলেমেয়েদের পথ দেখাবে।’

তিনি আরও বলেন, ‘কোমলমতি শিশুদের মাদক থেকে দূরে রাখতে ও তারা যাতে বিপথগামী না হয় সে জন্য লেখাপড়ার পাশাপাশি ক্রীড়ার বিকল্প নেই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালে নতুন কুঁড়ি শুরু করেছিলেন। মাদক থেকে দূরে থাকা ও পড়াশোনা করে একজন প্রকৃত বাংলাদেশি নাগরিক হয়ে গড়ে ওঠার সুযোগ করে দেবে এই নতুন কুঁড়ি স্পোর্টস।’

এ অনুষ্ঠানেও জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নওগাঁ
নওগাঁয় জেলা স্টেডিয়ামে বিকেলে বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। উদ্বোধনী খেলায় নওগাঁ সদর ও নিয়ামতপুর উপজেলার বালক-বালিকা দল অংশ নেয় এবং ফুটবল ম্যাচ উপভোগ করেন দর্শকেরা।

অনুষ্ঠানে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ক্রীড়া সংগঠক ও রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আয়োজকেরা জানান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদফতরের উদ্যোগে ১২-১৪ বছর বয়সি শিশু-কিশোরদের মধ্য থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই ও গড়ে তোলার লক্ষ্যে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি নেওয়া হয়েছে। ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, মার্শাল আর্ট ও সাঁতারসহ বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর