Monday 28 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নাহিদের বলে প্রতিপক্ষ ভয় পায়, দেখতেও ভালো লাগে: শান্ত

স্পোর্টস করেসপন্ডেন্ট
১২ মে ২০২৬ ২৩:৫৪ | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৫১

নাহিদ রানার করা ঘণ্টায় ১৪৭.২ কি. মি. গতির বলটা দেখেশুনেই ছেড়েছিলেন পাকিস্তানের অভিজ্ঞ ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। কিন্তু পাকিস্তানি ব্যাটারকে হতভম্ব করে নাহিদ রানার গোলা গিয়ে আঘাত হানল অফ স্টাম্পে, বোল্ড। দেখার মতো একটা ডেলিভারি। শুধু ওই ডেলিভারি নয়, নাহিদ রানা হাতে বল মানেই ইদানিং প্রতিপক্ষ দলের ব্যাটারের বাড়তি সাবধানতা বা ভীতি। প্রতিপক্ষের এই ভীতি দেখতেও ভালো লাগবে বললেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

মিরপুর টেস্টে পাকিস্তানের বিপক্ষে ১০৪ রানে জিতেছে বাংলাদেশ। নাহিদ রানা দ্বিতীয় ইনিংসে একাই পাঁচ উইকেট তুলে নিয়ে তাতে রেখেছেন বড় অবদান। শেষ বিকেলে টানা পাঁচ ওভারের স্পেলে ৪ উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে ম্যাচ জেতান নাহিদ।

বিজ্ঞাপন

নাহিদের সেই স্পেল সম্পর্কে ম্যাচ শেষে শান্ত বলেন, ‘ওটা অনেক উপভোগ করেছি (নাহিদের স্পেল)। প্রতিপক্ষ যেভাবে ভয় পাচ্ছিল এটা দেখতে অবশ্যই ভালো লেগেছে। ও যেভাবে দলের জন্য অবদান রাখছে তাতে আমি খুবই খুশি। আমাদের ইচ্ছা থাকবে ও যেন নিয়মিত এভাবে দলের জন্য অবদান রাখে।’

দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের ১০ উইকেটের ৭ উইকেট নিয়েছেন বাংলাদেশের পেসাররা। নাহিদ রানা নিয়েছেন পাঁচ উইকেট, তাসকিন আহমেদ দুটি। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের উইকেটের সূচনা হয়েছে তাসকিনের হাত ধরে।

ম্যাচ শেষে তাই তাসকিনকে আলাদা করেই স্মরণ করলেন শান্ত। বলেছেন, ‘নাহিদের কথা বলার আগে আমি একটু তাসকিনের কথা বলব। আসলে তাসকিন স্টার্টটা দিয়েছিলো। ও যেভাবে টি-র পরে এসে বোলিং শুরু করেছে, ওই চার-পাঁচ ওভারের স্পেলটা আসলে মোমেন্টাম আমাদের দিকে নিয়ে এসেছে। রানার কথা আমরা জানি যে ও কত স্পেশাল এবং কত জোরে বল করে। তার সাথে স্কিলটাও আস্তে আস্তে ডেভেলপ করছে।’

বিজ্ঞাপন

ছবির গল্প ভাসমান চাষে সবজি উৎপাদন
২৯ সেপ্টেম্বর ২০২৬ ০০:১৭

আরো

সম্পর্কিত খবর