Sunday 17 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইমরানুরের আধিপত্য অব্যাহত, হারানো মুকুট ফিরে পেলেন শিরিন

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৮ মে ২০২৬ ০৩:১৬

৪৯তম জাতীয় অ্যাথলেটিকসের প্রথম দিনেই ট্র্যাক মাতালেন দেশের দুই তারকা স্প্রিন্টার। পুরুষদের ১০০ মিটারে আবারও নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন ইমরানুর রহমান। আর মেয়েদের বিভাগে হারানো মুকুট পুনরুদ্ধার করে দেশের দ্রুততম মানবীর আসনে ফিরেছেন শিরিন আক্তার।

পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টে বাংলাদেশ নৌবাহিনীর হয়ে দৌড়ানো ইমরানুর শুরু থেকেই ছিলেন অন্যদের চেয়ে এগিয়ে। ১০.৫৮ সেকেন্ড সময় নিয়ে ফিনিশিং লাইন অতিক্রম করে টানা আধিপত্য ধরে রাখেন দেশের দ্রুততম মানব। তাঁর সতীর্থ মোহাম্মদ ইসমাইল ১০.৮৬ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় এবং বাংলাদেশ বিমানবাহিনীর নাইম ইসলাম ১০.৯১ সেকেন্ড টাইমিং করে তৃতীয় স্থান অর্জন করেন।

বিজ্ঞাপন

গত আগস্টে জাতীয় সামার অ্যাথলেটিকসে ১০.৬৪ সেকেন্ড সময় নিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন ইমরানুর। এবার আরও উন্নত করেছেন তিনি। ২০২২ সাল থেকে দেশের মাটিতে অংশ নেওয়া সাতটি প্রতিযোগিতার মধ্যে ছয়টিতেই শিরোপা জয়ের কীর্তি গড়েছেন এই স্প্রিন্টার।

দৌড় শেষে আত্মবিশ্বাসী কণ্ঠে ইমরানুর বলেন, ‘সামনে এশিয়ান ও কমনওয়েলথ এবং আগামী বছর এসএ গেমস আছে। ধাপে ধাপে আমি এগোতে চাই। আশা করি, এই গেমসগুলোয় ভালো করতে পারব।’

অন্যদিকে নারীদের ১০০ মিটার স্প্রিন্টে ছিল নাটকীয় প্রত্যাবর্তনের গল্প। গত বছরের জাতীয় সামার অ্যাথলেটিকসে সুমাইয়া দেওয়ানের কাছে হেরে শিরোপা হারিয়েছিলেন শিরিন আক্তার। এবার ১২.১০ সেকেন্ড সময় নিয়ে আবারও দেশের দ্রুততম মানবীর মুকুট ফিরে পেয়েছেন তিনি। আশ্চর্যজনকভাবে গত আসরের চ্যাম্পিয়ন সুমাইয়া এবার সেরা তিনেও জায়গা করতে পারেননি; শেষ করেন চতুর্থ হয়ে।

এই জয়ের মাধ্যমে শিরিন নিজের ক্যারিয়ারের ১৭তম দ্রুততম মানবীর খেতাব জিতলেন। একই সঙ্গে ছুঁয়ে ফেললেন বাংলাদেশের কিংবদন্তি স্প্রিন্টার নাজমুন নাহার বিউটির ১৭ বার দ্রুততম মানবী হওয়ার রেকর্ড। স্টেডিয়ামে উপস্থিত থেকেই শিরিনের এই অর্জন দেখেছেন বিউটি। পরে শিরিনকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘শিরিন আমার ১৭ বারের রেকর্ড ছুঁয়েছে, তাই ওকে অভিনন্দন জানাই এবং আশা করি, সে সামনে আরও ভালো করবে।’

মুকুট পুনরুদ্ধারের পর আবেগঘন প্রতিক্রিয়া দিয়েছেন শিরিন। বলেছেন, ‌’১০০ মিটারে প্রথম হওয়াটা দারুণ ভালো লাগার।’ এদিন সবার কাছে সে জন্য ক্ষমা চেয়ে সমর্থকদের ধন্যবাদ জানান শিরিন। নিজের এই সাফল্যের পেছনে কোচ আবদুল্লাহেল কাফি, বাংলাদেশ নৌবাহিনী, বিকেএসপি এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ সংশ্লিষ্ট সবার অবদানের কথাও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন দেশের দ্রুততম মানবী।

সারাবাংলা/এসএইচএস