Thursday 08 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

তুরস্কে চ্যাম্পিয়ন হয়ে ক্যারিয়ারের দ্বিতীয় জিএম নর্ম অর্জন করলেন ফাহাদ

স্পোর্টস করেসপন্ডেন্ট
২১ মে ২০২৬ ১১:১১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশের দাবায় নতুন আশার আলো দেখালেন আন্তর্জাতিক মাস্টার (আইএম) ফাহাদ রহমান। তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত ‘ফুবাই একাডেমি নর্ম চেস টুর্নামেন্ট সিরিজ-৩ গ্র্যান্ডমাস্টার’ ইভেন্টে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি নিজের ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার (জিএম) নর্ম অর্জন করেছেন তিনি।

বুধবার অনুষ্ঠিত নবম ও শেষ রাউন্ডে জর্জিয়ার আইএম গাইওজ নিগালিদজের সঙ্গে ড্র করেন ২২ বছর বয়সী এই দাবাড়ু। এতে টুর্নামেন্ট শেষে মোট ৭ পয়েন্ট সংগ্রহ করে শিরোপা নিশ্চিত করেন ফাহাদ। একই সঙ্গে পূরণ করেন জিএম নর্মের শর্তও।

টুর্নামেন্টজুড়ে ধারাবাহিক পারফরম্যান্স উপহার দেন বাংলাদেশের এই প্রতিভাবান দাবাড়ু। শেষ দিনের অষ্টম রাউন্ডে তিনি ইরানের আইএম আগা বালা আমিররেজাকে হারিয়ে জিএম নর্মের পথে বড় ধাপ এগিয়ে যান। ২৪৫৩ রেটিংধারী আমিররেজার বিপক্ষে গুরুত্বপূর্ণ জয় পাওয়ার পর শেষ রাউন্ডে নর্ম নিশ্চিত করতে ফাহাদের প্রয়োজন ছিল কেবল একটি ড্র। চাপের ম্যাচে সেই লক্ষ্য পূরণ করতে ভুল করেননি তিনি।

বিজ্ঞাপন

বর্তমানে ফাহাদের ফিদে রেটিং ২৪২৪। আন্তর্জাতিক দাবা অঙ্গনে বাংলাদেশের অন্যতম সম্ভাবনাময় খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে চলেছেন তিনি। এর আগে ২০২৪ সালের মার্চে ভিয়েতনামের হ্যানয়ে অনুষ্ঠিত ‘হ্যানয় গ্র্যান্ডমাস্টার্স দাবা টুর্নামেন্ট’ থেকে প্রথম জিএম নর্ম অর্জন করেছিলেন ফাহাদ।

ইস্তাম্বুলের এই প্রতিযোগিতায় বাংলাদেশসহ জর্জিয়া, হাঙ্গেরি, ইরান, পোল্যান্ড ও তুরস্কের মোট ১০ জন দাবাড়ু অংশ নেন। অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন তিনজন গ্র্যান্ডমাস্টার (জিএম), চারজন আন্তর্জাতিক মাস্টার (আইএম), দুজন ফিদে মাস্টার (এফএম) এবং একজন ক্যান্ডিডেট মাস্টার (সিএম)। শক্তিশালী এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে নিজের সামর্থ্যের দারুণ প্রমাণ দিলেন ফাহাদ।

সারাবাংলা/এসএইচএস