Saturday 23 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াডে চমক

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৩ মে ২০২৬ ১৪:২৫

আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ইংল্যান্ড জাতীয় দলের ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন প্রধান কোচ থমাস টুখেল। ঘোষিত এই দলে জায়গা হয়নি বেশ কয়েকজন বড় তারকার, যা নিয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

বিশ্বকাপে ইংল্যান্ডের দীর্ঘ ৬০ বছরের শিরোপাখরা কাটানোর লক্ষ্য নিয়ে দায়িত্ব পাওয়া জার্মান কোচ টুখেল স্কোয়াড ঘোষণায় নিয়েছেন একাধিক চমকপ্রদ সিদ্ধান্ত। বাদ পড়েছেন ফিল ফোডেন, কোলে পালমার, হ্যারি ম্যাগুয়ার এবং ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড–এর মতো পরিচিত মুখ।

গত উয়েফা ইউরোতে ইংল্যান্ডকে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন ফোডেন ও পালমার। তবে ক্লাব ফুটবলে হতাশাজনক মৌসুম কাটানোর কারণে দুজনকেই এবার স্কোয়াডের বাইরে রাখা হয়েছে। বিশেষ করে চেলসি তারকা পালমার এবং ম্যানচেস্টার সিটি মিডফিল্ডার ফোডেনের অনুপস্থিতি অনেকের কাছেই বড় বিস্ময়।

বিজ্ঞাপন

স্কোয়াডে জায়গা হয়নি মরগ্যান গিবস-হোয়াইট এবং ডমিনিক ক্যালভার্ট-লিউইন-এরও। অথচ চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে ইংলিশ খেলোয়াড়দের মধ্যে অন্যতম বেশি গোল করেছেন তারা।

অন্যদিকে, অভিজ্ঞ মিডফিল্ডার জর্ডান হেন্ডারসনকে দলে রেখে তরুণ অ্যাডাম ওয়ার্টনকে বাদ দিয়েছেন টুখেল। ডিফেন্সে ম্যানচেস্টার ইউনাইটেড তারকা ম্যাগুয়ার বাদ পড়ায় বিস্ময় আরও বেড়েছে। ইনজুরির কারণে পুরো মৌসুমে ভুগলেও জন স্টোনসর ওপর আস্থা রেখেছেন ইংল্যান্ড কোচ।

সবচেয়ে বড় চমক হিসেবে দেখা হচ্ছে ইভান টনির অন্তর্ভুক্তিকে। বর্তমানে সৌদি আরবের ক্লাব আল-আহলিতে খেললেও বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছেন এই স্ট্রাইকার।

বিশ্বকাপে ইংল্যান্ড তাদের অভিযান শুরু করবে ১৭ জুন ডালাসে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ২৩ জুন ঘানা এবং ২৭ জুন পানামার মুখোমুখি হবে তারা।

ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড

গোলরক্ষক: জর্ডান পিকফোর্ড, ডিন হেন্ডারসন, জেমস ট্র্যাফোর্ড

ডিফেন্ডার: রিস জেমস, টিনো লিভরামেন্তো, ড্যান বার্ন, মার্ক গেহি, জন স্টোনস, নিকো ও’রাইলি, এজরি কনসা, জ্যারেল কোয়ানসাহ, জেড স্পেন্স

মিডফিল্ডার: ডেকলান রাইস, এলিয়ট অ্যান্ডারসন, জুড বেলিংহ্যাম, জর্ডান হেন্ডারসন, কোবি মাইনু, মরগান রজার্স, এবারেচি এজে

ফরোয়ার্ড: হ্যারি কেইন, ইভান টনি, অলি ওয়াটকিনস, বুকায়ো সাকা, ননি মাদুয়েকে, মার্কাস রাশফোর্ড, অ্যান্থনি গর্ডন।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর