Sunday 18 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভিসা জটিলতায় যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোয় ক্যাম্প সরিয়ে নিল ইরান

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৪ মে ২০২৬ ১৫:৩৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফিফা বিশ্বকাপ শুরুর মাত্র তিন সপ্তাহ আগে বড় সিদ্ধান্ত নিয়েছে ইরান ফুটবল দল। ভিসা জটিলতার কারণে যুক্তরাষ্ট্রে নির্ধারিত অনুশীলন ‘বেজক্যাম্প’ সরিয়ে মেক্সিকোর সীমান্তবর্তী শহর টিজুয়ানাতে স্থানান্তর করেছে দলটি। বিষয়টি নিশ্চিত করেছেন ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদী তাজ। ফিফাও ইতোমধ্যে এই পরিবর্তনের অনুমোদন দিয়েছে।

বিশ্বকাপে অংশ নেওয়া প্রতিটি দলের জন্য একটি নির্দিষ্ট বেজক্যাম্প থাকে, যেখানে দল অনুশীলন, বিশ্রাম এবং ম্যাচ-পূর্ব প্রস্তুতির কাজ পরিচালনা করে। ম্যাচ শেষে দল আবার সেই ক্যাম্পেই ফিরে যায়।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সিতে প্রকাশিত এক ভিডিও বার্তায় মেহদী তাজ জানান, মার্কিন ভিসা প্রক্রিয়ায় জটিলতা তৈরি হওয়ায় তারা বেজক্যাম্প পরিবর্তনের আবেদন করেছিলেন। ফিফা সেই আবেদন গ্রহণ করায় এখন ইরান দল মেক্সিকোর টিজুয়ানাতে অবস্থান করবে।

বিজ্ঞাপন

তাজ বলেন, ‌’আমরা প্রশান্ত মহাসাগরের কাছাকাছি টিজুয়ানাতে অবস্থান করব। এটি মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের সীমান্তবর্তী শহর। সেখানে দলের আবাসন ও অন্যান্য প্রস্তুতির কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।’

তিনি আরও জানান, নতুন এই সিদ্ধান্তের ফলে ভিসাজনিত সমস্যার ঝুঁকি অনেকটাই কমবে। পাশাপাশি ইরানের জাতীয় বিমান সংস্থা ইরান এয়ারের সরাসরি ফ্লাইট ব্যবহার করে দল সহজেই মেক্সিকোতে পৌঁছাতে পারবে। আগে ইরানের বেজক্যাম্প নির্ধারণ করা হয়েছিল যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের টুকসনে।

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনা এবং ইরানে হামলার ঘটনার পর দেশটির বিশ্বকাপে অংশগ্রহণ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছিল। এবারের বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা, ইরানের গ্রুপ পর্বের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে।

১৫ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে এবং ২১ জুন বেলজিয়ামের বিপক্ষে লস অ্যাঞ্জেলেসে খেলবে ইরান। এরপর ২৬ জুন সিয়াটলে মিসরের মুখোমুখি হবে তারা।

বর্তমানে ইরান দল তুরস্কের আন্টালিয়াতে বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্প করছে। স্কোয়াডের কয়েকজন সদস্য সম্প্রতি আঙ্কারায় মার্কিন দূতাবাসে ভিসা আবেদন জমা দিয়েছেন বলেও জানা গেছে।

আগামী ১১ জুন পর্দা উঠবে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরের।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

পুলিশের ১১ কর্মকর্তাকে বদলি
১৮ অক্টোবর ২০২৬ ২২:৩৬

এনআইডি সার্ভার বন্ধ
১৮ অক্টোবর ২০২৬ ২১:২২

আরো

সম্পর্কিত খবর