Sunday 07 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপ প্রস্তুতিতে ব্রাজিল-আর্জেন্টিনার জয়

স্পোর্টস করেসপন্ডেন্ট
৭ জুন ২০২৬ ১০:০৫ | আপডেট: ৭ জুন ২০২৬ ১৩:১০

বিশ্বকাপ শুরুর আগে নিজেদের প্রস্তুতি আরও ঝালিয়ে নিতে মাঠে নেমে জয় পেয়েছে দক্ষিণ আমেরিকার দুই পরাশক্তি আর্জেন্টিনা ও ব্রাজিল। প্রস্তুতি ম্যাচে মিসরকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিল, আর হন্ডুরাসের বিপক্ষে ২-০ গোলে জিতেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ডে অনুষ্ঠিত ম্যাচে দারুণ ফুটবল খেলেছে ব্রাজিল। ম্যাচের প্রথমার্ধে গোল করে দলকে এগিয়ে দেন মিডফিল্ডার ব্রুনো গিমারেস। পরে তরুণ তারকা এনদ্রিক ব্যবধান বাড়িয়ে ব্রাজিলকে স্বস্তির অবস্থানে নিয়ে যান। যদিও শেষদিকে একটি গোল শোধ করে ম্যাচে ফেরার চেষ্টা করে মিসর, তবে জয় নিয়ে মাঠ ছাড়তে কোনো সমস্যা হয়নি কার্লো আনচেলত্তির দলের।

বিজ্ঞাপন

তবে জয়ের আনন্দের মধ্যেও দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে রাইটব্যাক ওয়েসলির চোট। ম্যাচের মাত্র ১৫ মিনিট খেলেই বাঁ কুঁচকির ব্যথার কারণে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। বিশ্বকাপের আগে প্রথমবার জাতীয় দলের বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পাওয়া এই ২২ বছর বয়সী ডিফেন্ডার চোট পেয়ে ডাগআউটে বসে কান্নায় ভেঙে পরেন।

বিশ্বকাপের আগে এটি ছিল ব্রাজিলের শেষ প্রস্তুতি ম্যাচ। এর আগে তারা পানামাকে ৬-২ গোলে হারিয়েছিল। আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা জয়ের মিশন শুরু করবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। গ্রুপ পর্বে তাদের অন্য দুই প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড।

অন্যদিকে, টেক্সাসের কলেজ স্টেশনের কাইল ফিল্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে লিওনেল মেসিকে ছাড়াই মাঠে নামে আর্জেন্টিনা। সামান্য শারীরিক অস্বস্তির কারণে এই ম্যাচে বিশ্রামে রাখা হয় অধিনায়ককে।

মেসির অনুপস্থিতিতেও আর্জেন্টিনা দারুণ নিয়ন্ত্রণে খেলেছে। ম্যাচের ৩৭তম মিনিটে নিকোলাস তালিয়াফিকো বক্সের ভেতর ফাউলের শিকার হলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। স্পট কিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন লাওতারো মার্তিনেজ।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করেন আতলেতিকো মাদ্রিদের ফরোয়ার্ড জুলিয়ানো সিমিওনে। লাওতারো মার্তিনেজের চমৎকার ব্যাকহিল পাস থেকে সহজ সুযোগ কাজে লাগিয়ে গোল করেন তিনি। এরপর কোচ লিওনেল স্কালোনি একাধিক পরিবর্তন আনলেও ম্যাচের ফলাফলে আর কোনো পরিবর্তন আসেনি।

বিশ্বকাপের আগে আর্জেন্টিনা আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। আগামী ৯ জুন আইসল্যান্ডের মুখোমুখি হবে তারা। এরপর ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। একই গ্রুপে তাদের প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান।

সারাবাংলা/এসএইচএস