Thursday 11 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশের সামনে একদিকে ইতিহাস গড়ার সুযোগ অপর দিকে বৃষ্টির শঙ্কা

স্পোর্টস করেসপন্ডেন্ট
১০ জুন ২০২৬ ১৬:৩৭ | আপডেট: ১০ জুন ২০২৬ ২০:২০

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক এক জয়ের পর এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ। দীর্ঘ ২১ বছর পর ওয়ানডে ক্রিকেটে অজিদের হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে টাইগাররা। আগামীকাল মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ। জিতলেই অজিদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের ইতিহাস গড়বে বাংলাদেশ। তবে সিরিজের দ্বিতীয় ম্যাচের আগে টাইগারদের সবচেয়ে বড় প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে আবহাওয়া।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম ওয়ানডেতে দুর্দান্ত বোলিংয়ে অস্ট্রেলিয়াকে বিধ্বস্ত করে বাংলাদেশ। তরুণ পেসার নাহিদ রানার গতির ঝড় এবং দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরে কার্যকর ভূমিকা রাখা মোসাদ্দেক হোসেন সৈকতের পারফরম্যান্সে শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে দেয় স্বাগতিকরা।

বিজ্ঞাপন

দীর্ঘ ২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে জিতল বাংলাদেশ। এখন সিরিজ জয়ের হাতছানি। বাকি দুই ম্যাচের যেকোনো একটিতে জয় পেলেই নতুন ইতিহাস গড়বে মেহেদী হাসান মিরাজের দল। কিন্তু বৃষ্টি সেই সম্ভবনায় হতে পারে বড় বাঁধা। সিরিজের প্রথম ম্যাচেও আবহাওয়ার প্রভাব ছিল। এরই মধ্যে রাজধানী ঢাকাজুড়ে টানা বৃষ্টিপাত শুরু হয়েছে, যা আগামী দুই-তিন দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় এবং পশ্চিমা লঘুচাপের প্রভাবে আগামী দুই থেকে তিন দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। ফলে বুধবার সকাল ১১টায় শুরু হওয়ার কথা থাকা বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় ওয়ানডে ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

মিরপুরের উইকেট ও আউটফিল্ডের ওপর আবহাওয়ার প্রভাব কতটা পড়ে, সেটিই এখন বড় প্রশ্ন। বৃষ্টির কারণে ম্যাচ বিলম্বিত হওয়া কিংবা ওভার কমে আসার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

অন্যদিকে প্রথম ম্যাচের জয়ের পর আত্মবিশ্বাসে ভরপুর বাংলাদেশ শিবির চাইবে মাঠের লড়াইয়েই সিরিজ নিশ্চিত করতে। বিশেষ করে ঘরের মাঠে বিশ্ব ক্রিকেটের অন্যতম সফল দল অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় অর্জনের সুযোগ হাতছাড়া করতে চাইবে না টাইগাররা।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর