Tuesday 16 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এমবাপ্পের জোড়া গোল / সেনেগালকে ৩-১ ব্যবধান হারিয়ে ফ্রান্সের বিশ্বকাপ অভিযান শুরু

স্পোর্টস ডেস্ক
১৭ জুন ২০২৬ ০৩:৩০ | আপডেট: ১৭ জুন ২০২৬ ০৩:৫১

এমবাপ্পের জোড়া গোলে ফ্রান্সের বিশ্বকাপ অভিযান শুরু। ছবি: সংগৃহীত

কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে সেনেগালকে ৩-১ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। গ্রুপ ‘আই’র ম্যাচে দীর্ঘ সময় লড়াই করেও শেষ পর্যন্ত ফরাসিদের সামনে হার মানতে হয়েছে আফ্রিকার প্রতিনিধি সেনেগালকে। যদিও ম্যাচের প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও কোনো দলই গোলের দেখা পায়নি। ফলে প্রথমার্ধ ছিল গোলশূন্য।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় ফ্রান্স। ৬৬ মিনিটে কিলিয়ান এমবাপ্পের গোলে এগিয়ে যায় ফ্রান্স। এটি ছিল ফ্রান্সের জার্সিতে এমবাপ্পের ৫৭তম গোল, যা তাকে দেশের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা অলিভিয়ে জিরুর রেকর্ডের সমান উচ্চতায় নিয়ে যায়। একই সঙ্গে বিশ্বকাপে ফ্রান্সের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডেও ভাগ বসান তিনি। ম্যাচের ৮২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাডলি বার্কোলা। দ্রুতগতির এক আক্রমণ থেকে গোল করে ফ্রান্সকে স্বস্তি এনে দেন তরুণ এই ফরোয়ার্ড।

বিজ্ঞাপন

ম্যাচের অতিরিক্ত সময়ে নাটকীয়তা যোগ করে সেনেগাল। ম্যাচের অতিরিক্ত ৫ মিনিটে ইবরাহিম এমবায়ে একটি গোল শোধ করে ব্যবধান কমান। এতে ম্যাচে ফেরার ক্ষীণ আশা জাগলেও তা স্থায়ী হয়নি। কারণ, এর ঠিক একমিনিট পরই ফের আঘাত হানেন এমবাপ্পে। নিজের দ্বিতীয় গোল করে ফ্রান্সের জয় নিশ্চিত করেন তিনি। তার জোড়া গোলে ম্যাচ শেষ হয় ৩-১ ব্যবধানে।