Monday 22 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুব দলের হেড কোচ হান্নান সরকার, মেন্টর মাহমুদউল্লাহ রিয়াদ

স্পোর্টস করেসপন্ডেন্ট
২২ জুন ২০২৬ ১৫:৫৯ | আপডেট: ২২ জুন ২০২৬ ১৭:১৪

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অনূর্ধ্ব-১৯ দলের নতুন প্রধান কোচ হিসেবে সাবেক জাতীয় ক্রিকেটার ও সাবেক নির্বাচক হান্নান সরকারকে নিয়োগ দিয়েছে। একই সঙ্গে জাতীয় দলের সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে ডেভেলপমেন্ট ক্রিকেটের মেন্টর হিসেবে যুক্ত করা হয়েছে।

সোমবার এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আসিফ সিরাজ রব্বানী। এদিকে, জাতীয় দলের সাবেক তারকা ব্যাটার ইমরুল কায়েস যুব দলের আসন্ন অস্ট্রেলিয়া সফরে ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন।

হান্নান সরকার এর আগে যুব দলের নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২০ সালে সেই সময় বাংলাদেশের প্রথম যুব বিশ্বকাপ জিতে। পরে জাতীয় দলের নির্বাচকের দায়িত্ব পালন করেন। সেই অধ্যায় শেষ করে কোচিংয়ে ফেরার পর গত মৌসুমে তার অধীনে ঢাকা প্রিমিয়ার লিগের শিরোপা জেতে আবাহনী লিমিটেড। এবার পেলেন যুব দলের হেড কোচের দায়িত্ব।

বিজ্ঞাপন

নতুন দায়িত্বে উচ্ছ্বসিত হান্নান। বলেছেন, ‘স্বপ্ন তো অনেক আগে থেকেই ছিল। নির্বাচক হওয়ার আগেও কোচ ছিলাম। ৯ বছর পর সিলেকশনে আসা। এরপর বোর্ড যখন দেশিদের প্রমোট করছে, সেখান থেকে নতুন করে স্বপ্ন দেখা।’

যুব দলের দায়িত্ব পাওয়া প্রসঙ্গে হান্নান বলেন, ‘আসলে কোচিংয়ে আসার স্বপ্নটা আমার অনেক আগের। জাতীয় নির্বাচক হওয়ারও আগে আমি কোচিং করিয়েছি। আপনারা হয়তো জানেন, ২০১১ সালে খেলা ছাড়ার পরও আমি তিন বছর প্রিমিয়ার লিগে কোচিং করেছি। পাশাপাশি ন্যাশনাল লিগের প্রথম শ্রেণির ক্রিকেটেও কোচিং করিয়েছি। এরপর নির্বাচক হিসেবে দায়িত্ব নিই। নয় বছরের সেই যাত্রা শেষ হওয়ার পর যখন আবার সুযোগ এল, বিশেষ করে আমাদের ক্রিকেট বোর্ড যখন দেশি কোচদের অগ্রাধিকার দিচ্ছে এবং তাদের প্রমোট করছে, তখন আমার সেই পুরোনো স্বপ্নটা আবার জেগে ওঠে যে আমি কোচিংয়ে ফিরতে পারি।’

এদিকে মাহমুদউল্লাহ রিয়াদ আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও এখনো ঘরোয়া ক্রিকেট খেলে যাচ্ছেন। তাকে যুব দলের মেন্টর হিসেবে নিয়োগ দেওয়ার কথা আনেক আগ থেকেই শোনা যাচ্ছিল। এবার সেটা বাস্তবায়ন হলো। যুব দলের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি অস্ট্রেলিয়া সফরে যাওয়া হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের সঙ্গেও মাহমুদউল্লাহকে যুক্ত করার পরিকল্পনা রয়েছে বোর্ডের।

এদিকে, দীর্ঘদিন অস্ট্রেলিয়া অবস্থান করা ইমরুল কায়েস দায়িত্ব পেয়েছেন কেবলমাত্র এইচপি ইউনিটের অস্ট্রেলিয়া সফরে। এইচপি দল যেহেতু অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে আর ইমরুলও যেহেতু সেখানের বাসিন্দা তাই তাকে কাজে লাগানোর পরিকল্পনা করেছে বিসিবি।

সারাবাংলা/এসএইচএস