Thursday 17 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাফিনহার হ্যাটট্রিক, বার্সেলোনার গোল উৎসব

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৭ সেপ্টেম্বর ২০২৬ ০৮:৪৩ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০৯:০৭

স্প্যানিশ লা লিগার ম্যাচে ক্যাম্প ন্যুতে গোলের উৎসব করেছে বার্সেলোনা। রেসিং সান্তান্দারের বিপক্ষে ৭-২ গোলের দাপুটে জয় তুলে নিয়েছে হান্সি ফ্লিকের দল। দলের বড় জয়ে সবচেয়ে বেশি আলো ছড়িয়েছেন অধিনায়ক রাফিনহা। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড একাই করেছেন তিন গোল।

বার্সেলোনার হয়ে রাফিনহার হ্যাটট্রিকের পাশাপাশি জোড়া গোল করেছেন জোয়াও ক্যানসেলো। একটি করে গোল পেয়েছেন গ্যাব্রিয়েল জেসুস ও লামিনে ইয়ামাল। এই জয়ে চলতি মৌসুমে টানা সাত ম্যাচ জয়ের রেকর্ড গড়েছে কাতালান ক্লাবটি।

বুধবার রাতে নিজেদের মাঠে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বার্সেলোনা। রেসিংকে চাপে রেখে ধারাবাহিকভাবে আক্রমণ চালাতে থাকে স্বাগতিকরা। সেই চাপের ফলও পেতে বেশি সময় লাগেনি।

বিজ্ঞাপন

দুই দূরপাল্লার শটে প্রথমার্ধেই বার্সেলোনাকে এগিয়ে দেন ক্যানসেলো। তার প্রথম শট পোস্টে প্রতিহত হয়ে জালে জড়ায়। দ্বিতীয় গোলটি আসে কিছুটা ভাগ্যের সহায়তায় রেসিংয়ের এক খেলোয়াড়ের গায়ে লেগে বলের দিক পরিবর্তন হয়ে পৌঁছে যায় জালে।

এরপর স্পটলাইটে উঠে আসেন রাফিনহা। পেনাল্টি থেকে নিজের প্রথম গোলটি করার পর দানি ওলমোর পাস কাজে লাগিয়ে কাছ থেকে দ্বিতীয়বার জালে বল পাঠান তিনি। হ্যাটট্রিকের সুযোগ তৈরি হলেও একটি পেনাল্টি নিজে না নিয়ে লামিন ইয়ামালকে নিতে দেন বার্সা অধিনায়ক। পরে আরেকটি পেনাল্টি থেকে গোল করে পূর্ণ করেন হ্যাটট্রিক।

বার্সার আক্রমণ তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন ওলমো। প্রথমার্ধে তার পাস থেকেই বেশ কয়েকটি আক্রমণ তৈরি হয়। দুটি বড় সুযোগ তৈরির পাশাপাশি একটি গোলে সরাসরি সহায়তাও করেন এই স্প্যানিশ মিডফিল্ডার। মাঝমাঠে রদ্রিও দলের আক্রমণাত্মক ফুটবলের ছন্দ ধরে রাখতে কার্যকর ভূমিকা রাখেন।

গোল না পেলেও ম্যাচজুড়ে আলোচনায় ছিলেন ইয়ামাল। একাধিক সুযোগ নষ্ট করার পর তার নেওয়া পেনাল্টিও ঠেকিয়ে দেন রেসিং গোলরক্ষক। পরে একটি শট পোস্টে লাগে এবং অফসাইডের কারণে বাতিল হয় তার একটি গোল। তবে শেষ পর্যন্ত গোলের খাতা খুলতে সক্ষম হন তরুণ ফরোয়ার্ড। জেসুসের গোলেও তার অবদান ছিল।

আক্রমণে দুর্দান্ত হলেও রক্ষণে বার্সেলোনাকে পুরো ম্যাচে স্বস্তিতে থাকতে দেয়নি রেসিং। দুবার স্বাগতিকদের জালে বল পাঠায় তারা। প্রথমার্ধের পর জোয়ান গার্সিয়ার বদলে গোলপোস্টের দায়িত্ব নেন ভইচেখ শেজনি। দ্বিতীয়ার্ধে তার ভুলের সুযোগ নিয়েই একটি গোল আদায় করে নেয় রেসিং।

তবে রক্ষণভাগের সেই দুর্বলতা ম্যাচের ফলাফলে কোনো প্রভাব ফেলতে পারেনি। আক্রমণভাগের দাপটে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে বড় জয় নিশ্চিত করেছে বার্সেলোনা।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

এক্সিকিউটিভ পদে নিয়োগ দিচ্ছে নগদ
১৭ সেপ্টেম্বর ২০২৬ ০৮:৫৩

আরো

সম্পর্কিত খবর