Monday 12 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এপিএল ড্রাফটে বাংলাদেশের ৮ ক্রিকেটার, শুরু ২৭ ডিসেম্বর

স্পোর্টস করেসপন্ডেন্ট
১২ অক্টোবর ২০২৬ ১৮:০৩

আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) আসন্ন আসর খেলতে ড্রাফটে নাম দিয়েছেন বাংলাদেশের আটজন ক্রিকেটার। ড্রাফটে নাম নিবন্ধন করা আট ক্রিকেটার হলেন- সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, তানজিদ হাসান তামিম, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয় ও রিশাদ হোসেন।

সব মিলিয়ে টুর্নামেন্ট খেলতে এক হাজারের বেশি ক্রিকেটার নাম নিবন্ধন করেছেন। তাঁদের মধ্যে বিদেশি ক্রিকেটারের সংখ্যা পাঁচ শতাধিক। আন্তর্জাতিক ক্রিকেটে পরিচিত মুখদের মধ্যে ড্রাফটে নাম লিখিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের এভিন লুইস, গুড়াকেশ মোতি ও আলজারি জোসেফ; ইংল্যান্ডের লুক উড, রিস টপলি ও জেমস ভিন্স; শ্রীলঙ্কার চারিথ আসালাঙ্কা, কামিন্দু মেন্ডিস ও ওয়ানিন্দু হাসারাঙ্গারা।

বিজ্ঞাপন

ড্রাফট আয়োজনের কথা ছিল ২৭ সেপ্টেম্বর। পরে অবশ্য ড্রাফটের সময় পরিবর্তন করে নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২৪ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এপিএলের খেলোয়াড় বাছাই। এপিএলের নতুন আসর শুরু হওয়ার কথা ২৭ ডিসেম্বর।

আট বছর বিরতির পর ফিরছে আফগানিস্তানের এই ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি প্রতিযোগিতা। পাঁচটি দল নিয়ে আয়োজনের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে তিনটি ফ্র্যাঞ্চাইজির মালিকানা নিশ্চিত হয়েছে; বাকি দুটির মালিকানা প্রক্রিয়া এখনো চলছে।

সারাবাংলা/এসএইচএস