Friday 23 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

১০০ মিটারে ইমরানুর-শিরিনের দাপট অব্যাহত

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৩ অক্টোবর ২০২৬ ২১:২৯ | আপডেট: ২৩ অক্টোবর ২০২৬ ২১:৩০

দেশের দ্রুততম মানব-মানবীর খেতাব নিজেদের দখলে রাখলেন ইমরানুর রহমান ও শিরিন আক্তার। কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিক্স প্রতিযোগিতার ১০০ মিটার স্প্রিন্টে সোনা জিতেছেন এই দুই অভিজ্ঞ অ্যাথলেট। শিরিনের জন্য এটি বিশেষ অর্জন—জাতীয় অ্যাথলেটিক্সে নারীদের ১০০ মিটারে ১৮তম বারের মতো চ্যাম্পিয়ন হলেন তিনি।

শুক্রবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে পুরুষদের ১০০ মিটারে ১০.৫৩ সেকেন্ড সময় নিয়ে প্রথম হন ইমরানুর। তাঁর সতীর্থ মোহাম্মদ ইসমাইল ১০.৬৭ সেকেন্ডে দৌড় শেষ করে রুপা জেতেন। ১০.৭৩ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হন সেনাবাহিনীর তারেক রহমান। এ নিয়ে জাতীয় ও সামার অ্যাথলেটিক্স মিলিয়ে সপ্তমবার দ্রুততম মানব হলেন ইমরানুর।

বিজ্ঞাপন

তবে পুরুষদের ১০০ মিটারের টাইমিং নিয়ে কিছুটা প্রশ্নও উঠেছে। দৌড়ের পর স্টেডিয়ামের ডিজিটাল বোর্ডে প্রথমে ইমরানুরের সময় দেখানো হয় ১০.৭৩ সেকেন্ড। পরে সেটি পরিবর্তন করে ১০.৫৩ সেকেন্ড দেখানো হয়, যার পাশে ‘প্রভিশনাল’ উল্লেখ ছিল।

নারীদের ১০০ মিটারে ১২.০৮ সেকেন্ড সময় নিয়ে সবার আগে ফিনিশিং লাইনে পৌঁছেন শিরিন। সেনাবাহিনীর শরীফা খাতুন ১২.২৩ সেকেন্ডে দ্বিতীয় এবং নৌবাহিনীর সুমাইয়া দেওয়ান ১২.৩৩ সেকেন্ডে তৃতীয় হন।

স্বর্ণ জয়ের পর নিজের সাফল্যের পেছনে কোচ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর অবদানের কথা তুলে ধরেছেন শিরিন। তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে প্রথম স্থান অধিকার করতে পেরে অসাধারণ লাগছে।’

শিরিন আরও বলেন, কোচ আবদুল্লাহ হেল কাফী, বাংলাদেশ নৌবাহিনী, বিকেএসপি, অ্যাথলেটিক্স ফেডারেশন ও অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহযোগিতা তাঁর প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

তিন দিনব্যাপী এই প্রতিযোগিতায় ৫৭টি সংস্থার ৫৬৫ জন অ্যাথলেট অংশ নিচ্ছেন। পুরুষদের ২২টি ও নারীদের ১৮টি—মোট ৪০টি ইভেন্টে লড়াই হচ্ছে।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর