Monday 16 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও আইসিসি চেয়ারম্যান জয় শাহ

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৬ নভেম্বর ২০২৬ ১৪:১৮ | আপডেট: ১৬ নভেম্বর ২০২৬ ১৭:৫২

প্রতিদ্বন্দ্বীতা করার মতো কেউ ছিলেন না, তাই ভোটের লড়াইয়েও যেতে হয়নি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় টানা দ্বিতীয় মেয়াদে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন জয় শাহ। ইন্দোনেশিয়ার বালিতে আইসিসির বোর্ড সভায় পরিচালকদের প্রস্তাবের পর তাঁর পুনর্নিয়োগ চূড়ান্ত হয়েছে। ফলে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার প্রধান হিসেবে আরও এক মেয়াদে দায়িত্ব পালন করবেন ভারতীয় এই ক্রিকেট সংগঠক।

সোমবার (১৬ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জয় শাহর পুনর্নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। আইসিসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিশ্ব ক্রিকেটের সম্প্রসারণ, দর্শকসংখ্যা বৃদ্ধি এবং বাণিজ্যিক সম্ভাবনা কাজে লাগানোর গুরুত্বপূর্ণ সময়ে নেতৃত্বের ধারাবাহিকতা বজায় রাখতে এটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।

বিজ্ঞাপন

২০২৪ সালের আগস্টে প্রথমবার আইসিসি চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন জয় শাহ। সেবছরের ১ ডিসেম্বর দায়িত্ব গ্রহণ করেন। ৩৫ বছর বয়সে দায়িত্ব নিয়ে আইসিসির ইতিহাসে সর্বকনিষ্ঠ চেয়ারম্যান হওয়ার রেকর্ড গড়েন এই ভারতীয় কর্মকর্তা। এর আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন জয় শাহ।

দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পেয়ে আইসিসি বোর্ডের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন জয় শাহ। এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমি আইসিসি বোর্ডের আস্থায় গভীরভাবে সম্মানিত এবং প্রত্যেক পরিচালকের অব্যাহত বিশ্বাস ও সমর্থনের জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞ। আইসিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা আমার জন্য সম্মানের এবং একই সঙ্গে দায়িত্বের। বিশ্বজুড়ে ক্রিকেটের স্বার্থ এগিয়ে নিতে সদস্যদের সঙ্গে কাজ করে যাওয়ার ব্যাপারে আমি প্রতিশ্রুতিবদ্ধ।’

ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। বিশেষ করে ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটের অংশগ্রহণকে খেলাটির বিশ্বব্যাপী প্রসারের বড় সুযোগ হিসেবে দেখছেন আইসিসি চেয়ারম্যান। ১৯০০ সালের পর এই প্রথম অলিম্পিকে ফিরছে ক্রিকেট। লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে পুরুষ ও নারী—দুই বিভাগেই টি-টোয়েন্টি ফরম্যাটে ক্রিকেট থাকার কথা রয়েছে।

এ প্রসঙ্গে জয় শাহ বলেন, ‘আমরা ক্রিকেটের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ও রোমাঞ্চকর সময়ে প্রবেশ করছি। লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটের প্রত্যাবর্তন নতুন দর্শকের কাছে খেলাটিকে পরিচিত করার এবং নতুন প্রজন্মের খেলোয়াড় ও সমর্থকদের অনুপ্রাণিত করার অসাধারণ সুযোগ।’

অলিম্পিকে ক্রিকেটের প্রত্যাবর্তন ছাড়াও আগামী কয়েক বছরে আইসিসির সামনে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ আয়োজন। তার মধ্যে অন্যতম ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ। ক্রিকেটের উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নই হবে জয়ের দ্বিতীয় মেয়াদের গুরুত্বপূর্ণ লক্ষ্য।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর