সূর্যবংশীর নিজের দিনে ব্যাট হাতে কী করতে পারেন সেটা দেখিয়েছেন আইপিএলে। তবে আন্তর্জাতিক ক্রিকেটে আইপিএলের সেই ঝাঁঝটা যেন দেখাতে পারছিলেন না ১৫ বছর বয়সী ক্রিকেটার। আজ সেই আক্ষেপ ঘুচালেন নিজের মতো করেই। এশিয়া কাপ রাইজিং স্টার্সসে ব্যাট হাতে যা করলেন বৈভব সূর্যবংশী, তা রীতিমতো অবিশ্বাস্য। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাত্র ৫৩ বলে ২০৪ রানের অবিশ্বাস্য এক ইনিংস খেলেছেন ভারতের এই তরুণ ওপেনার। ২৮টি ছক্কা ও ৭টি চারে সাজানো ইনিংসটিতে সূর্যবংশী ভেঙেছেন একের পর এক রেকর্ড।
দোহায় এবারের এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্ট হচ্ছে ওয়ানডে ফরম্যাটে। গ্রুপ ‘বি’তে আগের ম্যাচে পাকিস্তানের ‘এ’ দলের বিপক্ষে হেরেছিল ভারত ‘এ’। রান পাননি সূর্যবংশী। আজ সবকিছুর যেন শোধ তুললেন!
ম্যাচে আগে ব্যাট করে ৮ উইকেটে ২৪৯ রান করে সংযুক্ত আরব আমিরাত। জবাবে সূর্যবংশীর তাণ্ডবে মাত্র ১৪.২ ওভারেই ২৫০ রানের লক্ষ্য পেরিয়ে যায় ভারত ‘এ’।
ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন সূর্যবংশী। মাত্র ১৬ বলে পূর্ণ করেন ফিফটি। এরপর ২৮ বলে সেঞ্চুরি করে গড়েন লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম শতকের রেকর্ড। অস্ট্রেলিয়ার জ্যাক ফ্রেজার-ম্যাকগার্কের ২৯ বলের রেকর্ডটি ভেঙে দেন এক বল কম খেলেই। ৪০ বলে দেড়শ এবং ৫২ বলে ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন ভারতের বিস্ময় বালক। এর আগে লিস্ট ‘এ’ ক্রিকেটে আগের দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড ছিল নিউজিল্যান্ডের চ্যাড বোয়েসের, ১০৩ বলে।
শুধু দ্রুততম শতক বা ডাবল সেঞ্চুরিই নয়, পেশাদার ক্রিকেটে এক ইনিংসে ছক্কার রেকর্ডও নিজের করে নিয়েছেন সূর্যবংশী। এর আগে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা ছিল তন্ময় আগারওয়ালের, রঞ্জি ট্রফিতে এক ইনিংসে মেরেছিলেন ২৬ ছক্কা। লিস্ট ‘এ’ ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার আগের রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার ডি’আর্চি শর্টের, ২৩টি।
সূর্যবংশীর রেকর্ডময় দিনে পাওয়া জয়ে এশিয়া কাপ রাইজিং স্টার্সসের সেমিফাইনাল নিশ্চিত হলো ভারত ‘এ’ দলের।