Sunday 18 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বরিশালকে উড়িয়ে রংপুরের টানা তৃতীয় জয়

স্পোর্টস করেসপন্ডেন্ট
২ জানুয়ারি ২০২৫ ২১:৪৬

একাদশ বিপিএলের আগ মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজ গিয়ে গ্লোবাল সুপার লিগ টি-টোয়েন্টি জিতে এসেছে রংপুর রাইডার্স। সেই ফর্মটা বিপিএলেও ধরে রেখেছে রংপুর। টুর্নামেন্টে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে তিনটিতেই জিতল নুরুল হাসান সোহানের দল। আজ তারকাবহুল ফরচুন বরিশালকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে রংপুর।

টস জিতে আগে বোলিং করে শক্তিশালী বরিশালকে ১২৪ রানেই গুটিয়ে দেয় রংপুর। পরে অ্যালেক্স হেলস ও সাইফ হাসানের দুর্দান্ত এক জুটিতে ৮ উইকেটের বড় জয় নিশ্চিত করেছে রংপুর।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১২৪ রানের জবাব দিতে নেমে রংপুরের শুরুটা ভালো হয়নি। বরিশালের হয়ে অভিষিক্ত পেসার ইকবাল হোসেন ইমন ইনিংসের দ্বিতীয় ওভারে দুই উইকেট তুলে নিয়ে ভড়কে দেন রংপুরকে। কিন্তু সেই ঝলক সেখানেই শেষ!

বিজ্ঞাপন

এরপর অ্যালেক্স হেলস ও সাইফ হাসান আর সুযোগই দেননি বরিশালের বোলারদের। তৃতীয় উইকেটে দুজন ৮১ বলে অপরাজিত ১১৩ রানের জুটি গড়ে রংপুরের জয় নিশ্চিত করে তবেই মাঠ ছেড়েছেন। সাইফ হাসান ৪৬ বল খেলে ৬টি চার ৩টি ছক্কায় ৬২ রান করে অপরাজিত ছিলেন। হেলস ৪১ বলে ৪টি চার ৩টি ছয়ে অপরাজিত ছিলেন ৪৯ রান করে।

এর আগে রংপুরের বোলিং দাপটে বেশিদূর এগুতে পারেনি বরিশাল। তামিম ইকবালের ব্যাটে বরিশালের শুরুটা অবশ্য ভালোই ছিল। কামরুল ইসলাম রাব্বির করা প্রথম ওভার থেকে ১ চার ও দুর্দান্ত এক ছয়ের মারে ১০ রান তুলে নেন তামিম।

চতুর্থ ওভারে বরিশালের অপর ওপেনার নাজমুল হোসেন শান্ত (৯ রান) ফিরলেও শেখ মাহেদিকে টানা তিন চার হাঁকিয়ে রানের গতি ঠিক রেখেছিলেন তামিম। কিন্তু সেটা অব্যাহত থাকেনি বেশিক্ষণ। পরের ওভারে ফিরেছেন তাওহিদ হৃদয়। এরপরর ওভারে ফিরেছেন তামিম ইকবালও। নাহিদ রানার দ্রুতগতির বলে উঠে এসে মারতে গিয়েছিলেন তামিম। লাইন মিস করে সরাসরি বোল্ড হয়েছেন। ফেরার আগে করেছেন ১৮ বলে ৫টি চার ১টি ছয়ে ২৮ রান।

এরপর নাহিদ রানা, খুশদিল শাহ, ইফতিকার আহমেদদের বিপক্ষে দাঁড়াতে পারেননি বরিশালের মিডল অর্ডারের শক্তিও। ব্যর্থ হয়েছেন মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, কাইল মায়ার্স, মোহাম্মদ নবিরা। আগের ম্যাচে দারুণ একটা ইনিংস খেলা ফাহিম আশরাফও আজ ব্যর্থ।

নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৮.২ ওভারে ১২৪ রানে গুটিয়ে গেছে বরিশাল। তামিম ইকবালই আজ বরিশালের সর্বোচ্চ স্কোরার। ১৯ বলে ২১ রান করা মোহাম্মদ নবি দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। এছাড়া মুশফিকুর রহিম ১৫, কাইল মায়ার্স ১৩ রান করেছেন।

রংপুরের হয়ে ১৮ রানে ৩ উইকেট নিয়েছেন খুশদিল শাহ। ইফতিখার আহমেদ ১০ রানে ও নাহিদ রানা ৩২ রানে দুটি করে উইকেট নিয়েছেন।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো