Sunday 18 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিপিএলে নতুন লজ্জা, টাকা না পেয়ে রাজশাহীর বিদেশি ক্রিকেটারদের ম্যাচ বয়কট

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৬ জানুয়ারি ২০২৫ ১৮:৪৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একাদশ বিপিএলকে বারবার লজ্জায় ফেলেছে দুর্বার রাজশাহী ফ্র্যাঞ্চাইজিটি। আজ হয়তো লজ্জার সর্বোচ্চ পর্যায় দেখা গেল! চুক্তির টাকা না পাওয়ার কারণে ম্যাচ বয়কট করেছেন দুর্বার রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা। যাতে বিসিবির অনুমতি নিয়ে শুধুমাত্র দেশি ক্রিকেটারদের নিয়েই একাদশ সাজিয়ে মাঠে নেমেছে রাজশাহী।

এবারের বিপিএলে পেমেন্ট ইস্যু নিয়ে বারবার সমালোচিত হয়েছে দুর্বার রাজশাহী। বারবার সময় নিয়েও পেমেন্ট দিতে না পারার কারণে এর আগে অনুশীলন বর্জন করেছিল রাজশাহীর ক্রিকেটাররা। চট্টগ্রামে টিম হোটেলের বিল দিতে না পেরেও খবরের শিরোনাম হয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। আজ সকালে শোনা গেল, ঢাকাতে যে হোটেলে উঠেছিল দলটি সেই হোটেল পরিবর্তন করতে হয়েছে। সময়মতো হোটেল বিল পরিশোধ করতে পারেনি বলে।

বিজ্ঞাপন

আজ রংপুর রাইডার্সের বিপক্ষে খেলা রাজশাহীর। এই ম্যাচের আগে শোনা গেল বড় ঘটনা। বিদেশি ক্রিকেটাররা খেলতেই নামলেন না রাজশাহীর হয়ে।

জানা গেছে, বারবার সময় নিয়ে এখনো চুক্তি অনুযায়ী টাকা পরিশোধ করতে পারেনি ফ্র্যাঞ্চাইজিটি। ফলে আজ খেলতে নামতে অস্বীকৃতি জানিয়েছেন দলটির বিদেশি ক্রিকেটাররা।

অথচ, বিপিএলের নিয়ম অনুযায়ী প্রতি ম্যাচে সর্বনিম্ন দুইজন বিদশি ক্রিকেটারকে থাকতে হয় দলগুলোর একাদশে। এই সংখ্যাটা সর্বোচ্চ চারজন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, শুধুমাত্র দেশি ক্রিকেটারদের নিয়ে আজ ম্যাচ খেলার আবেদন করেছে দুর্বার রাজশাহী। সার্বিক পর্যালোচনা করে সেই আবেদন গ্রহণ করা হয়েছে।

রায়ান বার্ল, মোহাম্মদ হারিসদের মতো বিদেশি ক্রিকেটাররা খেলতে অস্বীকৃতি জানালে মোহর শেখ, মিজানুর রহমানের মতো ক্রিকেটারদের দিয়ে একাদশ পূর্ন করেছে রাজশাহী।

সারাবাংলা/এসএইচএস