Tuesday 17 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বেতন নেই তিন মাস, সাবিনাদের অনুশীলন বর্জন

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৯ জানুয়ারি ২০২৫ ১৯:০১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুটো প্রীতি ম্যাচ খেলতে আগামী ফেব্রুয়ারিতে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার কথা বাংলাদেশ নারী ফুটবল দলের। সেই দুই ম্যাচের সাথে আসন্ন এশিয়ান কাপ বাছাইপর্বের প্রস্তুতির অংশ হিসেবে গত ১৫ জানুয়ারি থেকে চলছে অনুশীলন ক্যাম্প। কিন্তু বেতন-ভাতা না পাওয়া,  এখনও চুক্তি নবায়ন না হওয়া ও বিদেশি লিগে খেলার সুযোগ না পাওয়ায় জাতীয় নারী ফুটবলাররা অনুশীলন বয়কট করেছেন।

গত বছরের অক্টোবরে নেপালকে হারিয়ে টানা দ্বিতীয়বার নারী সাফের শিরোপা জিতেছেন বাংলাদেশের সাবিনা-মনিকারা। বাফুফে থেকে সর্বশেষ অক্টোবরেই বেতন পেয়েছেন তারা। চুক্তি নবায়ন না হওয়াতে তিন মাস পেরিয়ে গেলেও বেতন হয়নি নারী ফুটবলারদের। নতুন করে চুক্তি কবে হবে, এই ব্যাপারেও কিছু জানায়নি বাফুফে।

বিজ্ঞাপন

গত সাফ চলাকালীনই কোচ পিটার বাটলারদের সাথে দলের সিনিয়র ফুটবলারদের দ্বন্দ্ব-মনোমালিন্যের খবর সামনে এসেছিল। সেখান থেকেই বাটলারের সাথে দুরত্ব তৈরি হয়েছে তাদের। যদিও বাটলারকেই আরও এক বছরের জন্য কোচ হিসেবে রেখে দিয়েছে বাফুফে। জানা গেছে, এই চুক্তি নিয়েও নাখোশ নারী ফুটবলাররা। আগের সেই দ্বন্দ্ব থেকেই বাটলারকে দলে চান না অনেকে।

বাটলার ছুটিতে ইংল্যান্ড থাকায় গত ১৫ জানুয়ারি থেকে সহকারী কোচ মাহবুবুর রহমানই অনুশীলন করাচ্ছিলেন মেয়েদের। অবশ্য তিনি গত সোমবার ফেরার পর পরদিন তার অধীনে অনুশীলনে যাননি দলের সিনিয়র ফুটবলাররা। এমনকি কোচের ডাকা মিটিংয়ের জন্যও সাড়া দেননি তারা কেউ। সেই ধারাবাহিকতায় আজও অনুশীলনে অনুপস্থিত ছিলেন সবাই।

এর সাথে যুক্ত হয়েছে সুযোগ থাকার পরেও মেয়েদের বিদেশি লিগে খেলতে না দেওয়ার বিষয়টি। গত সাফের পরই ইউরোপের ক্লাব থেকে খেলার প্রস্তাব পেয়েছিলেন সাবিনা-ঋতুপর্ণারা। কিন্তু বাফুফের আপত্তিতে সেবার খেলতে যেতে পারেননি তারা। সেই ক্ষোভও কাজ করেছে মেয়েদের অনুশীলন বর্জনে।

এর আগেও বিভিন্ন দাবি দাওয়া নিয়ে অনুশীলন বয়কট করেছিলেন তারা। তবে এবার দলের কথা প্রাধান্য দিয়েই সিদ্ধান্ত নেবে বাফুফে, এমনটা জানিয়েছেন টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান কামরুল হাসান হিলটন। তিনি বলেন, ‘খেলোয়াড়দের উপর নির্ভর করে তো আর ফেডারেশন চলবে না। আমাদের ম্যানেজমেন্ট আছে, নির্বাহী কমিটির সদস্যরা আছেন তারা সকলে মিলে এই বিষয়ে সিদ্ধান্ত নেবে। যেহেতু তারা সিদ্ধান্ত নিয়েছেন এখানে খেলোয়াড়দের কোনো কথা চলবে না। ’

সারাবাংলা/জেটি
বিজ্ঞাপন

২০ পদে নিয়োগ দিচ্ছে বুয়েট
১৬ নভেম্বর ২০২৬ ২৩:১৭

আরো