Tuesday 29 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সর্বোচ্চ রানের রেকর্ড গড়া ঢাকার এবার সর্বনিম্ন রানের লজ্জা

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৯ জানুয়ারি ২০২৫ ২০:০৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একাদশ বিপিএলে সর্বোচ্চ রান তোলার রেকর্ড ঢাকা ক্যাপিটালসের। দুর্বার রাজশাহীর বিপক্ষে ২৫৪ রান তুলেছিল দলটি। ঢাকা এবার মুদ্রার ঠিক উল্টো পিঠ দেখল! বিপিএলে সর্বনিম্ন রানের রেকর্ডেও নাম উঠল ঢাকার। ফরচুন বরিশালের বিপক্ষে আজ ৭৩ রানেই গুটিয়ে গেছে ঢাকা। চলতি বিপিএলে যেটা কোনো দলের সর্বনিম্ন স্কোরের রেকর্ড।

বিপিএলের প্লে-অফের দৌড় থেকে ঢাকা ক্যাপিটালস ছিটকে গেছে অনেকটাই। অপর দিকে ফরচুন বরিশালেরও প্লে-অফ নিশ্চিত। সে হিসেবে আজকের ম্যাচটা দুদলের জন্য অনেকটা নিয়মরক্ষার। এমন ম্যাচে লজ্জার মুখোমুখি হলো ঢাকা।

বুধবার (২৯ জানুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঢাকার হয়ে শুরুটা ইতিবাচকই করেছিলেন লিটন দাস। বরিশালের পেসার ইবাদত হোসেনকে প্রথম ওভারে দুই চার হাঁকিয়েছিলেন লিটন। কিন্তু ইনিংসের তৃতীয় ওভারে যেভাবে আউট হলেন সেটা রীতিমতো আশ্চর্য! তানভির ইসলামের নির্বিষ স্পিনে সরাসরি বোল্ড হয়েছেন লিটন।

বিজ্ঞাপন

লিটন যেভাবে আউট হয়েছেন ঢাকার ইনিংসটাও এগিয়েছে সেভাবেই। দুই অঙ্কের কোটা পেরুতে পেরেছেন মাত্র তিনজন ব্যাটার। তার মধ্যে ১১ বলে ১৫ রান করা থিসারা পেরেরা সর্বোচ্চ স্কোরার।

১৫.৩ ‍ওভারে ৭৩ রানে গুটিয়ে গেছে ঢাকা। বরিশালের হয়ে মোহাম্মদ নাবি, তানভির হাসান ও ফাহিম আশরাফ তিনটি করে উইকেট নিয়েছেন। তানভির ২ ওভার বোলিং করে মাত্র ২ রান খরচ করে নিয়েছেন তিন উইকেট। মোহাম্মদ নবি ৪ ওভারে ৯ রানে ৩ উইকেট নিয়েছেন। আর ফাহিম আশরাফ ২.৩ ওভারে ১৫ রানে নিয়েছেন তিন উইকেট।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো