Sunday 18 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিলেটের বোলারদের তুলোধুনা চিটাগং কিংসের

স্পোর্টস করেসপন্ডেন্ট
৩০ জানুয়ারি ২০২৫ ২০:২৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১০ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে চিটাগং কিংস। প্লে অফও অনেকটা নিশ্চিত তাদের। আর বাকি থাকা দুই ম্যাচ জিতলে শেষ চারে নিজেদের জায়গা নিয়ে কোনো চিন্তাই থাকছে না। স্বস্তি নিয়েই তাই আজ (বৃহস্পতিবার) সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে খেলতে নেমেছে চিটাগং। আসরে নিজের প্রথম ম্যাচ খেলতে নামা খাওয়াজা নাফে আর অধিনায়ক মোহাম্মদ মিঠুনের জোড়া ফিফটিতে বড় সংগ্রহের ভিত পায় বন্দর নগরীর দল। শেষদিকে শামীম পাটোয়ারি আর খালেদ আহমেদের ক্যামিওতে ২০ ওভারে ৮ উইকেটে ১৯৬ রান তুলেছে চিটাগং।

ইনিংসের শেষ থেকেই শুরু করা যাক বর্ণনা। নাফে আর মিঠুনের গড়ে দেয়া ভিতের ওপর দাঁড়িয়ে শেষটা রাঙিয়েছেন শামীম-খালেদ। শেষ চার ওভারে ঝড়ো ব্যাটিংয়ে ৫৪ রান তুলেছেন দুজন। সিলেটের বোলারদের রীতিমতো তুলোধোনা করে সপ্তম উইকেটে মাত্র ৩০ বলে গড়েছেন ৬১ রানের জুটি। যেখানে সমানতালে ব্যাট চালিয়েছেন দুজনই। খালেদের অবদান দুইটি করে ছক্কা-চারে ১৩ বলে ২৫। শামীম ১৭ বল থেকে তুলেছেন ৩৫ রান। সব মিলিয়ে চারটি চার আর দুটি ছক্কায় ২৩ বলে ৩৮ করে আউট হয়েছেন শামীম।

বিজ্ঞাপন

এর আগে তানজিম সাকিবের দুর্দান্ত শুরুর স্পেলে পারভেজ ইমন ও গ্রাহাম ক্লার্ক দ্রুত ফিরে যান ড্রেসিংরুমে। এরপর কিংসের হয়ে নিজের অভিষেক রাঙিয়েছেন নাফে। পাঁচ ছক্কা আর এক চারে ৩০ বলে ৫২ রান করেছেন এই ডানহাতি ব্যাটার। মিঠুনের সাথে গড়েছেন ৫১ বলে ৯৪ রানের জুটি। চার নম্বরে নেমে ফিফটি পেয়েছেন মিঠুনও। তানজিম সাকিবের তৃতীয় শিকার হওয়ার আগে তার ব্যাট থেকে এসেছে ৩৮ বলে ৫২ রানের ইনিংস।

চার ওভার বল করে ৩৭ রানে তিন উইকেট নেন তানজিম। দুটি করে উইকেট নেন রুয়েল মিয়া ও সামিউল্লাহ শিনওয়ারি।

সারাবাংলা/জেটি