Sunday 18 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফরচুন বরিশালে আরও এক গতি তারকা

স্পোর্টস ডেস্ক
৩১ জানুয়ারি ২০২৫ ১৪:৩৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা ক্যাপিটালসকে হারানোর দিনই ঘোষণাটা দিয়েছিলেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। তাদের হয়ে খেলতে আসছেন নিউজিল্যান্ডের পেস বোলার অ্যাডাম মিলনে। আজ (শুক্রবার) বরিশালের মিডিয়া বিভাগ থেকে জানানো হয়েছে, বিপিএল খেলতে আগামী ০৩ ফেব্রুয়ারি বাংলাদেশে আসছেন ডানহাতি এই কিউই পেসার।

১১ ম্যাচে ৯ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে চলতি বিপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষে আছে বরিশাল। আগামী ০৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় প্রথম কোয়ালিফায়ারে খেলবেন তামিমরা, যদিও কে হবেন তাদের প্রতিপক্ষ এখনও নিশ্চিত হয়নি।

গত ২৯ জানুয়ারি ঢাকার বিপক্ষে ম্যাচ শেষে তামিম সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা একটা সাইনিং করেছি। অ্যাডাম মিলনে, ফাস্ট বোলার নিউজিল্যান্ড থেকে। সাথে এক দুইজনের সাথে কথা বলছে। সমস্যা হলো ওরা যেদিন ফ্রি হবে আসতে আসতে ৩ তারিখ বিকাল পাঁচটা বেজে যাবে। এদিক থেকে একটু চ্যালেঞ্জ। তবে আমি ব্যক্তিগতভাবে সেটআপ পরিবর্তনের পক্ষে নই। দল ভালো খেলছে। যে জায়গায় শক্তি বাড়ানো দরকার তাই করব। দলে বড় কোনো পরিবর্তন দেখবেন না।’

বিজ্ঞাপন

বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে শারজাহ ওয়ারিয়র্জের হয়ে আইএল টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলছেন মিলনে। এখন পর্যন্ত আসরে ৯ ম্যাচ খেলে ৭.৯৬ ইকোনমিতে ১০ উইকেট নিয়েছেন এই পেসার। নিউজিল্যান্ডের জার্সিতে ৫৩ টি-টোয়েন্টিতে ৬১ উইকেট নেয়া এই পেসারকে মূলত শাহীন শাহ আফ্রিদির অভাব পূরনের জন্যই দলে টেনেছে বরিশাল।

সারাবাংলা/জেটি