কক্সবাজার: ককক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে আটকে রাখা নারী, পুরুষ ও শিশুসহ ৩২ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও র্যাবের একটি যৌথ দল।
রোববার (৮ মার্চ) দিবাগত রাত ২টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী জুম্মাপাড়া এলাকার একটি পেঁপে বাগানে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।
রোববার বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে কয়েকজন নারী, পুরুষ ও শিশুকে বাহারছড়ার নোয়াখালী জুম্মাপাড়া এলাকার কুখ্যাত মানবপাচারকারী মো. আব্দুল আলী এলজিইডি সড়কসংলগ্ন একটি পেঁপে বাগানে আটকে রেখেছে। এ তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ডের বাহারছড়া আউটপোস্ট ও র্যাবের সমন্বয়ে সেখানে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় বাগানটি তল্লাশি করে পাচারের উদ্দেশ্যে আটক রাখা ৩২ জনকে উদ্ধার করা হয়। তবে যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।’
উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ২১ জন বাংলাদেশি এবং ১১ জন রোহিঙ্গা। বাংলাদেশিদের সবাই পুরুষ। রোহিঙ্গাদের মধ্যে ছয়জন পুরুষ, দুইজন নারী ও তিনজন শিশু রয়েছে।
উদ্ধার হওয়া ব্যক্তিদের বরাতে কোস্ট গার্ড জানিয়েছে, সংঘবদ্ধ মানবপাচারকারী চক্র বিদেশে উন্নত জীবনযাপনের স্বপ্ন, উচ্চ বেতনের চাকরি এবং কম খরচে বিদেশ যাওয়ার প্রলোভন দেখিয়ে কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা করছিল।
পরে উদ্ধার হওয়া ব্যক্তিদের প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, মানবপাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।