Friday 30 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

তাহসিফের বন্ধুকে হেফাজতে নিয়েছে পিবিআই

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ অক্টোবর ২০২৬ ১১:০১ | আপডেট: ৩০ অক্টোবর ২০২৬ ১১:১৯

নিখোঁজ হওয়ার আগে তাহসিফ সৌরির সঙ্গে তার বন্ধু দ্বীপ। 

ঢাকা: বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মরদেহ উদ্ধারের ঘটনায় তার বন্ধু দ্বীপকে হেফাজতে নিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই)।

শুক্রবার (৩০ অক্টোবর) পিবিআই ঢাকা মেট্রো উত্তর সূত্রে সারাবাংলাকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

পিবিআই সূত্র জানায়, জিজ্ঞাসাবাদের জন্য তাহসিফ সৌরির বন্ধু দ্বীপকে আনা হয়েছে। এখন পর্যন্ত আইনি কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। জিজ্ঞাসাবাদ শেষে বাকিটা জানা যাবে।

এদিকে, পিবিআই থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, তথ্য সংগ্রহের জন্য দ্বীপকে পিবিআই ঢাকা মেট্রো উত্তরে আনা হয়েছে। তাহসিফ ও সে কোথায় কোথায় গিয়েছিল এ ধরনের কিছু তথ্য যাচাই-বাছাই চলছে।

বিজ্ঞাপন

এর আগে, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে রাজধানীর মোহাম্মদপুর থানার বাবর রোডের বি ব্লকের একটি বাসার তৃতীয় তলা থেকে দীপকে নিয়ে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দীপ ওই এলাকার বাসিন্দা সেলিম রেজার ছেলে।

তাহসিফ সৌরি নিখোঁজ হওয়ার আগে সিসিটিভি ফুটেজে তাকে দ্বীপের সঙ্গে দেখা যায়। ফুটেজে দেখা যায়, ২৭ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরে রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের একটি গ্যারেজের সামনে তাহসিফের সঙ্গে ওই ব্যক্তির দেখা হয়। তারা হাত মেলানোর পর আলাদা দুটি মোটরসাইকেলে সেখান থেকে চলে যান।

তাহসিফের পরিবার জানায়, দীপের ডাকে সাড়া দিয়ে তাহসিফ বাসা থেকে বের হয়েছিলেন। পরে দীপ জানায় তাহসিফের মোটরসাইকেলে সমস্যা থাকায় তারা ওয়ার্কশপে যান এবং মোটরসাইকেল ঠিক করার পর তারা বাসায় ফিরে খাবার খান। এরপর দীপ চলে যান বলে দাবি করেন তিনি।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর বিকেল সাড়ে ৪টার দিকে তুরাগ নদে একটি মরদেহ ভাসতে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে টঙ্গী নদী পুলিশ ফাঁড়ির সদস্যরা রাজাবাড়ী ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করেন। হাতঘড়ি ও পকেটে থাকা আইফোনের সূত্র ধরে মরদেহটি তাহসিফ সৌরির বলে শনাক্ত করা হয়। পরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। এরপর উত্তরা ১২ নম্বর সেক্টরের কবরস্থানে তাকে দাফন করা হয়।

সারাবাংলা/এমএইচ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর