Friday 06 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফোবানার বৃত্তি পেলেন জবির ৫ মেধাবী শিক্ষার্থী

জবি করেসপন্ডেন্ট
৬ নভেম্বর ২০২৬ ১১:২১

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পাঁচ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশিদের সংগঠন ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা (ফোবানা)।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে চেক হস্তান্তর করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোবানা বৃত্তি-সংক্রান্ত কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোবানার সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি রেহান রেজা। অনুষ্ঠান সঞ্চালনা করেন বৃত্তি কমিটির সদস্যসচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন এ উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে ফোবানা এগিয়ে আসায় সংগঠনটির প্রতি তিনি আন্তরিকভাবে কৃতজ্ঞ। এ আয়োজন শিক্ষার্থীদের জন্য আনন্দ ও প্রাপ্তির একটি উপলক্ষ।

উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ে ফোবানা বৃত্তি কার্যক্রমের সূচনা হয়েছিল তার ডিন হিসেবে দায়িত্ব পালনকালে, ইতিহাস বিভাগের উদ্যোগে। সময়ের সঙ্গে এ বৃত্তির পরিধি ও অর্থের পরিমাণ বেড়েছে। বর্তমানে দুটি অনুষদের শিক্ষার্থীরা এ বৃত্তির আওতায় এসেছে। ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য অনুষদের শিক্ষার্থীদেরও এ কার্যক্রমে অন্তর্ভুক্ত করার জন্য ফোবানা সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি। এতে আরও বেশি শিক্ষার্থী উপকৃত হবে এবং বৃত্তি কার্যক্রমের পরিধি বাড়বে।

বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকটের বিষয়টি তুলে ধরে উপাচার্য আরও বলেন, ২০০৫ সালে প্রতিষ্ঠিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন সংকট অত্যন্ত প্রকট। এ সংকট নিরসনে কেরানীগঞ্জে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সাত একর জমিতে শিক্ষার্থীদের জন্য আবাসিক হল নির্মাণের উদ্যোগ নেওয়া যেতে পারে। এ ক্ষেত্রে ফোবানা সহযোগিতার হাত বাড়িয়ে দিলে তা শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও শিক্ষার্থীকল্যাণমূলক কার্যক্রমে ফোবানার সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত হতে পারা আনন্দের। সীমিত পরিসরেও শিক্ষার্থীদের জন্য কিছু করার প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগ আরও বিস্তৃত করতে বিশ্ববিদ্যালয়ের সহকর্মী ও সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। একই সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য ফোবানাসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে ফোবানার সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি রেহান রেজা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানান।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, সংশ্লিষ্ট কমিটির সদস্য, বিভিন্ন দপ্তরের প্রধান ও বিভাগীয় চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চলতি বছর ফোবানা বৃত্তির জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাঁচজন শিক্ষার্থী মনোনীত হয়েছেন। তাদের মধ্যে ইতিহাস বিভাগের তিনজন, সমাজবিজ্ঞান বিভাগের একজন এবং ইসলামিক স্টাডিজ বিভাগের একজন শিক্ষার্থী রয়েছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর