ঢাকা: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আয়োজিত বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রায় নেতাকর্মীদের হাত নেড়ে অভিবাদন জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নয়াপল্টন থেকে শুরু হওয়া এই বিশাল শোভাযাত্রার সামনের সারিতে দাঁড়িয়ে তিনি স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত জনতার শুভেচ্ছা গ্রহণ করেন।
শোভাযাত্রার অগ্রভাগে প্রধানমন্ত্রীর ঠিক পাশেই উপস্থিত থাকতে দেখা গেছে দলটির নীতি নির্ধারক ও শীর্ষ নেতাদের। তার পাশে হাঁটছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী-সহ কেন্দ্রীয় কমিটির অন্যতম শীর্ষ নেতারা। শোভাযাত্রার ব্যানারের ঠিক পেছনেই সুশৃঙ্খলভাবে হেঁটে যান বিএনপির স্থায়ী কমিটি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।
এর আগে, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষেই নির্ধারিত সময়ে শোভাযাত্রাটি শুরু হয়। পুরো পথজুড়েই সারিবদ্ধভাবে হেঁটে আসা নেতাকর্মী ও সাধারণ সমর্থকদের উদ্দেশ্যে হাত নেড়ে অভিবাদন জানান প্রধানমন্ত্রী।
কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে শোভাযাত্রাটি নয়াপল্টন থেকে বের হয়ে কাকরাইল, হেয়ার রোড, মিন্টো রোড, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ও বাংলামোটর হয়ে মানিক মিয়া অ্যাভিনিউর দিকে অগ্রসর হচ্ছে। শীর্ষ নেতাদের সরাসরি অংশগ্রহণে ও হাজার হাজার নেতাকর্মীর পদচারণায় পুরো শোভাযাত্রা জুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।
রাজধানীর বিভিন্ন ওয়ার্ডের পাশাপাশি দেশের দূরদূরান্তের নানা জেলা থেকে আসা নেতাকর্মীদের ঢল নামে নয়াপল্টনে। ব্যানার, ফেস্টুন, দলীয় পতাকা এবং ঘোড়ার গাড়ি ও হাতির মতো নানা ব্যতিক্রমী অনুষঙ্গ নিয়ে নেতাকর্মীরা শোভাযাত্রায় যোগ দেন।
পূর্বপরিকল্পিত রুট অনুযায়ী, শোভাযাত্রাটি নয়াপল্টন থেকে শুরু হয়ে প্রধান বিচারপতির বাসভবন, কাকরাইল মোড়, হেয়ার রোড, মিন্টো রোড, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, বাংলামোটর ও ফার্মগেট অতিক্রম করে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হবে। পুরো পথ জুড়েই কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শোভাযাত্রাটি অগ্রসর হচ্ছে।