Sunday 29 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

তৃতীয় টার্মিনালে যাত্রী খরচ বাড়ার শঙ্কা, চুক্তি সোমবার

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ নভেম্বর ২০২৬ ১৫:১৭ | আপডেট: ২৯ নভেম্বর ২০২৬ ১৫:২৩

তৃতীয় টার্মিনাল নিয়ে বেবিচক সদর দফতরে সংবাদ সম্মেলন। ছবি: সারাবাংলা

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে কনসেশন চুক্তি সই হবে আগামীকাল সোমবার (৩০ নভেম্বর)। তবে তৃতীয় টার্মিনালে কার্যক্রম শুরু হওয়ার পর বাকি দুই টার্মিনালে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ায় যাত্রী খরচ বাড়ার শঙ্কা রয়েছে। এই খরচের মধ্যে অন্যতম হলো এয়ারলাইন্সগুলোর বিমান ভাড়া।

রোববার (২৯ নভেম্বর) বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদর দফতরে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান সংস্থাটির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।

বিজ্ঞাপন

এয়ারলাইন্সগুলোর কোনো টিকিটের দাম বাড়বে কিনা—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘টিকিটের দাম হয়ত ৫০০ টাকা, ১০০০ টাকার মতো বাড়তে পারে। সেটা আমি এক্সপেক্ট করতে পারি। প্রতিযোগিতামূলক মার্কেটে এটা এয়ারলাইন্সগুলো তাদের নিজস্বভাবে সিদ্ধান্ত নেবে।’

২০২৩ সালের ৭ অক্টোবর তড়িঘড়ি করে এই টার্মিনালের আংশিক উদ্বোধন করা হয়। ২০২৪-এ আওয়ামী লীগ সরকারের পতনের পর টার্মিনালটি আর চালু করা যায়নি। এ বিষয়ে সংবাদ সম্মেলনে বেবিচক চেয়ারম্যান বলেন, ‘দীর্ঘদিনের আলোচনা, পর্যালোচনা, কারিগরি ও আর্থিক বিশ্লেষণ এবং প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে আগামীকাল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের লক্ষ্যে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে বহুল প্রতীক্ষিত কনসেশন চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে। জাতীয় স্বার্থ সুরক্ষা, বিমানবন্দরের নিরাপত্তা ও আন্তর্জাতিক মানের যাত্রীসেবা নিশ্চিত করাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ চুক্তি সম্পাদনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’

তিনি বলেন, ‘কনসেশন চুক্তির মেয়াদ হবে ১৫ বছর। আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে চারটি ফ্লাইট পরিচালনার মাধ্যমে তৃতীয় টার্মিনালের আংশিক কার্যক্রম শুরু করার প্রস্তুতি চলছে। পরবর্তী সময়ে পর্যায়ক্রমে ফ্লাইটের সংখ্যা বৃদ্ধি করে টার্মিনাল হস্তান্তরের ১৪ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কার্যক্রম চালুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ এবং যাত্রীসেবার মান নিশ্চিত করতে বেবিচকের নিয়মিত তদারকি অব্যাহত থাকবে।’

বেবিচক চেয়ারম্যান আরও বলেন, ‘তৃতীয় টার্মিনালের অত্যাধুনিক প্রযুক্তি ও যাত্রীবান্ধব সুযোগ-সুবিধা দেশের বিমান পরিবহন সক্ষমতা বৃদ্ধি, আন্তর্জাতিক বিমান যোগাযোগ সম্প্রসারণ, পর্যটন, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

বেবিচক জানায়, চুক্তিতে উল্লেখ করা হয় তৃতীয় টার্মিনালের কনসেশন চুক্তির মেয়াদ হবে ১৫ বছর। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের শতভাগ নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট তৃতীয় টার্মিনালে স্থানান্তরিত হওয়ার তারিখ থেকে ১৫ বছরের মেয়াদ কার্যকর হবে। চুক্তি স্বাক্ষরের ১৫ দিনের মধ্যে তৃতীয় টার্মিনালের কনসেশনভুক্ত এলাকা পরিচালনাকারী প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা হবে। হস্তান্তরের আট মাসের মধ্যে কমপক্ষে ২৫ শতাংশ নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইটের সেবা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পরবর্তী সময়ে পর্যায়ক্রমে ফ্লাইটের সংখ্যা বৃদ্ধি করে হস্তান্তরের ১৪ মাসের মধ্যে শতভাগ নিয়মিত আন্তর্জাতিক যাত্রী ও কার্গো হ্যান্ডলিং কার্যক্রম নতুন টার্মিনালে স্থানান্তর করা হবে।

চুক্তিতে আরও উল্লেখ করা হয়, চুক্তির আওতায় জাপানি কনসোর্টিয়াম নিজস্ব ব্যয়ে তৃতীয় টার্মিনাল, বহুতল গাড়ি পার্কিং ভবন এবং নতুন আমদানি ও রফতানি কার্গো টার্মিনাল পরিচালনা, মেরামত ও রক্ষণাবেক্ষণ করবে। পূর্ণাঙ্গ কার্যক্রম চালুর পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সব শিডিউল আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীসেবা তৃতীয় টার্মিনাল এবং আন্তর্জাতিক কার্গো হ্যান্ডলিং নতুন কার্গো টার্মিনালের মাধ্যমে পরিচালিত হবে। এছাড়া বিদ্যমান টার্মিনাল-১ ও টার্মিনাল-২ অভ্যন্তরীণ ফ্লাইট, হজ ফ্লাইট এবং অন্যান্য ননশিডিউল ফ্লাইট পরিচালনার জন্য ব্যবহার করতে পারবে বেবিচক। চুক্তির মেয়াদকালে যাত্রীসেবার সক্ষমতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় অতিরিক্ত সরঞ্জাম ক্রয়, স্থাপন ও চালুকরণের দায়িত্বও পরিচালনাকারী প্রতিষ্ঠানের ওপর থাকবে। পাশাপাশি যান্ত্রিক, বৈদ্যুতিক ও পানি সরবরাহসহ সংশ্লিষ্ট অবকাঠামোর প্রয়োজনীয় সম্প্রসারণমূলক কাজ সম্পাদন করবে প্রতিষ্ঠানটি।

এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক বলেন, ‘চুক্তিতে উল্লেখ করা হয় তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপানি কনসোর্টিয়ামকে দেওয়া হলেও বিমানবন্দরের গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণ ও নিরাপত্তাসংক্রান্ত কার্যক্রম বেবিচকের অধীনেই থাকবে। রানওয়ে, ট্যাক্সিওয়ে, অ্যাপ্রোন, এয়ার ট্রাফিক কন্ট্রোল, বিমান চলাচল নিরাপত্তা, নিরাপত্তা তল্লাশি এবং অগ্নিনির্বাপণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনা করবে বেবিচক। অন্যদিকে ইমিগ্রেশন, কাস্টমস, স্বাস্থ্য পরীক্ষা এবং অন্যান্য রাষ্ট্রীয় কার্যক্রম বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর নিয়ন্ত্রণে থাকবে। চুক্তি অনুযায়ী তৃতীয় টার্মিনাল ব্যবহারকারী প্রত্যেক আন্তর্জাতিক বহির্গামী যাত্রীর বিপরীতে এমবার্কেশন ফি, প্যাসেঞ্জার বোর্ডিং ব্রিজ ব্যবহারের ফি এবং টার্মিনালের দোকান, লাউঞ্জ, বহুতল গাড়ি পার্কিং ও বিজ্ঞাপন ভাড়া মত নন এরোনোটিকাল আয় পাবে পরিচালনাকারী প্রতিষ্ঠানটি।’

তিনি বলেন, ‘চুক্তিতে বেবিচক ও পরিচালনাকারী প্রতিষ্ঠানের মধ্যে রাজস্ব বণ্টনের সুনির্দিষ্ট বিধান রাখা হয়েছে। চুক্তি অনুযায়ী নির্ধারিত কার্যক্রম শুরুর তারিখ থেকে যাত্রী ও কার্গো খাতের মোট রাজস্বের ১৩.৫ শতাংশ মাসিক ভিত্তিতে বেবিচককে প্রদান করবে পরিচালনাকারী প্রতিষ্ঠান। পরবর্তী সময়ে তৃতীয় টার্মিনালের পূর্ণ সক্ষমতা অর্জনের নির্ধারিত তারিখ অথবা প্রকৃত পূর্ণ সক্ষমতা অর্জনের তারিখ—যেটি আগে হবে, সে তারিখ থেকে বেবিচকের রাজস্বের অংশ বৃদ্ধি পেয়ে ২৭ শতাংশে উন্নীত হবে। চুক্তি অনুযায়ী তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাশাপাশি আরেকটি ইন্টারন্যাশনাল গ্রাউন্ড হ্যান্ডলিং প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করা হবে। এই সকল গ্রাউন্ড হ্যান্ডলিং প্রতিষ্ঠান এবং সেলফ হ্যান্ডলিংগুলো পরিচালনাকারী প্রতিষ্ঠানকে রয়্যালটি প্রদান করবে। এ ছাড়া কার্গো হ্যান্ডলিং সেবার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রতি টন কার্গোর বিপরীতে পরিচালনাকারী প্রতিষ্ঠানকে মার্কিন ডলার রয়্যালটি প্রদান করবে।’

তিনি আরও বলেন, ‘আগমনী যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষার ভোগান্তি কমাতে ব্যাগেজ সরবরাহের ক্ষেত্রে সুনির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়েছে। এয়ারক্রাফট থামার পর থেকে ১৫ মিনিটের মধ্যে প্রথম ব্যাগ কনভেয়ার বেল্টে সরবরাহ করতে হবে। এবং সর্বশেষ ব্যাগেজ সরবরাহের নির্ধারিত সময়সীমা ন্যারো-বডির ক্ষেত্রে ৪২.৫ মিনিট এবং ওয়াইড-বডির ক্ষেত্রে ৪৭.৫ মিনিট হতে হবে। এছাড়া চেক-ইন কাউন্টারে অপেক্ষার সময় কমানোতে যাত্রীদের দ্রুত চেক-ইন সেবা নিশ্চিত করতে চেক-ইন কাউন্টারের সারিতে অপেক্ষার গড় সময়ও নির্ধারণ করা হয়েছে। বিজনেস ক্লাসের যাত্রীদের ক্ষেত্রে গড় অপেক্ষার সময় ৫ অথবা ১০ মিনিট এবং ইকোনমি ক্লাসের যাত্রীদের ক্ষেত্রে ২০ অথবা ৩০ মিনিটের মধ্যে সীমিত রাখার মানদণ্ড নির্ধারণ করা হয়েছে।’

চুক্তিতে উল্লেখ রয়েছে আধুনিক প্রযুক্তি ও যন্ত্রপাতির সচলতা নিশ্চিতকরণে টার্মিনালের গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত ব্যবস্থা, যেমন— ব্যাগেজ হ্যান্ডলিং সিস্টেম (BHS), সমন্বিত যাত্রী প্রক্রিয়াকরণ ব্যবস্থা (CUTE), স্বয়ংক্রিয় সেলফ চেক-ইন ব্যবস্থা (CUSS) এবং ফ্লাইট তথ্য প্রদর্শন ব্যবস্থা (FIDS) নির্ধারিত মানদণ্ড অনুযায়ী ৯৮ অথবা ৯৫ শতাংশ সময় সচল রাখতে হবে। এর মাধ্যমে যাত্রীদের নিরবচ্ছিন্ন সেবা প্রদান এবং প্রযুক্তিগত ত্রুটির কারণে সৃষ্ট ভোগান্তি কমানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

চুক্তিতে উল্লেখ রয়েছে সেবার মান নিশ্চিত করতে ব্যর্থ হলে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে। পরিচালনাকারী প্রতিষ্ঠানের জবাবদিহি নিশ্চিত করতে চুক্তিতে আর্থিক ক্ষতিপূরণের বিধান রাখা হয়েছে। নির্ধারিত সেবার মান ও কার্যসম্পাদন সূচক অর্জনে বারবার ব্যর্থ হলে প্রতিষ্ঠানটিকে আর্থিক ক্ষতিপূরণ প্রদান করতে হবে। ব্যর্থতার ধরন ও পুনরাবৃত্তির সংখ্যার ভিত্তিতে প্রতিটি ব্যর্থতার জন্য ৫ হাজার থেকে সর্বোচ্চ ৩৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত পূর্বনির্ধারিত ক্ষতিপূরণ প্রদানের বিধান রয়েছে। তৃতীয় টার্মিনালের কনসেশন চুক্তিতে আন্তর্জাতিক মানের যাত্রীসেবা, আধুনিক বিমানবন্দর ব্যবস্থাপনা, অবকাঠামোর যথাযথ রক্ষণাবেক্ষণ, বেবিচকের রাজস্ব আদায় এবং পরিচালনাকারী প্রতিষ্ঠানের জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

এ চুক্তির যথাযথ বাস্তবায়নের মাধ্যমে দেশের বিমান পরিবহন সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক বিমান যোগাযোগ সম্প্রসারণের সুযোগ সৃষ্টি হবে।