Wednesday 11 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

অপরাধীকে ক্ষমা নয়, বিচার করতে হবে: রিজভী

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ সেপ্টেম্বর ২০২৪ ১৫:০৫

ঢাকা: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘ছাত্রজনতার আন্দোলনে শেখ হাসিনার নির্দেশে যাদের গুলি করে হত্যা করা হয়েছে, তাদের ক্ষমা করলে নিহতদের আত্মার সঙ্গে বেঈমানি করা হবে।

জামায়াতকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘তারা আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছেন। গনহত্যাকারীদের কীসের ক্ষমা? ট্রাইবুনাল করে প্রতিটি হত্যার বিচার করতে, প্রতিটি অপরাধের বিচার করতে হবে। যদি শেখ হাসিনাসহ অপরাধীদের বিচার করা না হয়, তাহলে বাংলাদেশ কবরস্থানে পরিণত হবে।’

বুধবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর পিজি হাসপাতালের পাশে গোলাম রাব্বানীর পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে তারা পিতার হাতে বিএনপির পক্ষ থকে অনুদানের টাকা তুলে দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। ছাত্র আন্দোলনের সময় নিহত হন গোলাম রাব্বানী।

বিজ্ঞাপন

রিজভী বলেন, ‘আগেও বলেছি নিরপরাধ কেউ যেন মামলার শিকার না হয়। কিন্তু যারা অপরাধী তাদের ক্ষমা করা যাবে না।’

দলের নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা কেউ আইন হাতে তুলে নেবেন না। আইনশৃঙ্খলা বাহিনীকে তাদের কাজ করতে দিন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ বিষয়ে কঠোর বার্তা দিয়েছেন।’

এ সময় রিজভীর সঙ্গে ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, দলের সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, ডা. মনোয়ারুল কাদির বিটু, ডা. জাহিদুল কবির, মেহেবুব মাসুম শান্ত, আরিফুর রহমান তুষারসহ অন্যান্যরা।

সারাবাংলা/এজেড/ইআ