Wednesday 11 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নোয়াখালী-লক্ষীপুরে বন্যা রোধে নদ, নদী ও খাল দখলমুক্ত চেয়ে রিট

স্টাফ করেসপন্ডেন্ট
৪ সেপ্টেম্বর ২০২৪ ২০:১২

ঢাকা: নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার সাত উপজেলার পানিবন্দি লাখ লাখ মানুষের সুরক্ষায় ভুলুয়া নদীসহ সব নদ, নদী ও খাল দখলমুক্ত করতে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

বুধবার (৪ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে এ রিট দায়ের করেন।

রিটে নৌ-পরিবহন সচিব, নদী সংরক্ষণ কমিশনের চেয়ারম্যান, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলা প্রশাসক (ডিসি), পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ও সাত উপজেলার নির্বাহী কর্মকর্তাকে বিবাদী করা হয়েছে।

রিটে ওই সাত উপজেলার নদ, নদী ও খাল দখল রোধে প্রশাসনের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না, এই মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে রিটে। একই সঙ্গে ভুলুয়া নদী ও খাল দখলদারদের কাছ থেকে খরচ আদায় করে সেগুলো দখলমুক্ত করতে নির্দেশনা চাওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে, ২৩ আগস্ট এক জাতীয় পত্রিকায় ‘ভুলুয়া নদীর দখল ও অব্যবস্থাপনা- পানিবন্দি লক্ষ্মীপুর ও নোয়াখালীর তিন লাখ মানুষ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনসহ বিভিন্ন পত্রিকা ও বেসরকারি টেলিভিশনে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে জনস্বার্থে এ রিট দায়ের করেন আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান।

এ বিষয়ে আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান বলেন, ১৯৮৮ সালের পর এ এলাকায় বন্যা পরিস্থিতি এতটা ভয়াবহ হয়নি আগে কখনো। পরিস্থিতি এতটাই খারাপ যে সবার কল্পনার বাইরে। এখন অনেক মানুষ পানিতে আটকা পড়েন। বাড়িঘর তলিয়ে যাওয়ার পর রান্নাবান্না তো দূরে থাক, তিন বেলা খাবার ঠিকমতো খেতে পারছে না অনেকে। নেই পর্যাপ্ত স্যানিটেশনের ব্যবস্থা। নারী, শিশু ও পুরুষ নির্বিশেষে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রশাসন যতক্ষণ না নদী ও খালগুলোকে দখলমুক্ত করবে ততক্ষণই এখানে জলাবদ্ধতা থাকবে। এ জলাবদ্ধতা থেকে জনগণকে রক্ষা করতে ভুলুয়া নদীসহ সব খাল দখলমুক্ত করতে নির্দেশনা চেয়ে রিট দায়ের করেছি।

সারাবাংলা/কেআইএফ/ইআ