Saturday 03 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টাঙ্গাইলের রায়হান হত্যা মামলার আসামি গ্রেফতার

ডিসট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ মে ২০২৫ ১৯:৪০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইল: জেলার কালিহাতীতে মো. রায়হান (২৮) হত্যা মামলায় অভিযুক্ত আসামি মো. রুবেলকে (২৬) গ্রেফতার করেছে র‌্যাব।

রোববার (১১ মে) দুপুরে র‌্যাব ১৪ এর ৩ নম্বর কোম্পানী কমান্ডার মেজর মো. কাওসার বাঁধন সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

আসামি মো. রুবেল কালিহাতীর রামপুর হিন্দুপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে।

কোম্পানী কমান্ডার মেজর মো. কাওসার বাঁধন জানান, মো. রায়হানের মুন্নি আক্তারের সঙ্গে প্রেমের বিয়ে হয়। তাদের বিয়ের পর থেকে মুন্নির ভাই মো. জনিসহ অন্যান্য আসামিদের সঙ্গে শত্রুতা শুরু হয় রায়হানের। পূর্ব শত্রুতার জেরে আসামি মো. জনি অন্যান্য আসামিদের সহায়তায় রায়হানকে প্রায়ই মারপিট করতো। বিভিন্নভাবে খুন করার হুমকি দিতো। এরই প্রেক্ষিতে গত ৫ মে রাতে টাঙ্গাইলের কালিহাতি কোকরাইলের হযরত আলীর পতিত জমিতে রায়হানকে আসামি রুবেলসহ অন্যান্য আসামিরা ধারালো দেশীয় অস্ত্র দিয়ে গুরুতর জখম করে হত্যা করেন। এ ঘটনায় রায়হানের বাবা বাদি হয়ে কালিহাতি থানায় হত্যা মামলা দায়ের করেন।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, শুক্রবার মাঝ রাতে রাজশাহী র‌্যাব-৫ এর সহযোগিতায় নাটোর নলডাংগার খাজুরা ইউনিয়নেরর দুর্লভপুর গ্রাম রুবেলকে গ্রেফতার করা হয়।

শনিবার (১০ মে) আসামি রুবেলকে কালিহাতী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/এসডব্লিউ