Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইয়ামাল জাদুতে লা লিগা শিরোপা বার্সেলোনার

স্পোর্টস ডেস্ক
১৬ মে ২০২৫ ০৬:০০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মৌসুমজুড়ে তার জাদুকরী ফুটবলের সাক্ষী হয়েছে স্প্যানিশ ফুটবল। লা লিগায় এবারের মৌসুমে বার্সেলোনার শিরোপাও এলো তার হাত ধরেই। এস্পানিওলের বিপক্ষে লাইম ইয়ামালের অবিশ্বাস্য এক গোলেই এক মৌসুম পর আবারও লা লিগা চ্যাম্পিয়ন বার্সা। ইয়ামাল ও ফিরমিন লোপেজের গোলে এস্পানিওলকে ২-০ গোলে হারিয়ে দুই ম্যাচ হাতে রেখেই লিগ শিরোপা ঘরে তুলল বার্সা।

এস্পানিওলের মাঠে জিতলেই চ্যাম্পিয়ন, এমন সমীকরণ সামনে রেখেই মাঠে নেমেছিল বার্সা। কাতালান ডার্বিতে ম্যাচের প্রথমার্ধে গোল করতে পারেনি দুই দলের কেউই। বেশ কয়েকটি সুযোগ পেয়েও এগিয়ে যাওয়া হয়নি বার্সার। প্রথমার্ধ তাই শেষ হয় গোলশূন্য ড্রয়ে।

বিজ্ঞাপন

দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় বার্সা। ৫৩ মিনিটে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের চোখ ধাঁধানো শটে দলকে লিড এনে দেন ইয়ামাল। ম্যাচে ফেরার চেষ্টা করলেও বার্সা রক্ষণভাগ ভেদ করতে পারেনি এস্পানিওল। বার্সা কিপা সেজনির দুর্দান্ত কিছু সেভ তাদের হতাশ করেছে বেশ কয়েকবার।

ম্যাচের শেষ বাঁশি বাজার আগে ৯৫ মিনিটে লোপেজের গোলে জয় নিশ্চিত করে বার্সা। এই জয়েই এবারের মৌসুমের লা লিগা শিরোপা নিশ্চিত করল হ্যান্সি ফ্লিকের দল। ৩৬ ম্যাচে তাদের পয়েন্ট ৮৫। সমান ম্যাচে রিয়ালের পয়েন্ট ৭৮। এটি বার্সার ২৮তম লা লিগা শিরোপা। ৩৬টি শিরোপা নিয়ে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ।

এই মৌসুমে লা লিগা, সুপার কোপা ও কোপা ডেল রে জিতে ঘরোয়া ট্রেবল জিতল বার্সা।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

আরো