লক্ষ্মীপুর: সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুষ দাবির ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনার জেরে লক্ষ্মীপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) উপ-সহকারী প্রকৌশলী ইফতে খাইরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তদন্ত ও শৃঙ্খলা পরিদপ্তরের উপ-পরিচালক-১ মো. বনি আমিন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এই শাস্তিমূলক ব্যবস্থার বিষয়টি নিশ্চিত করা হয়।
এর আগে, গত ২৮ সেপ্টেম্বর একই কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনের ঘুষ লেনদেন ও কথোপকথনের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর তাকেও সাময়িক বরখাস্ত করা হয়েছিল।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পিডিবির বিক্রয় ও বিতরণ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী ইফতে খাইরুল ইসলামের বিরুদ্ধে বিদ্যুৎ সংযোগ ও মিটার দেওয়ার নামে গ্রাহক ও কর্মচারীদের উপস্থিতিতে নগদ অর্থ গ্রহণের ভিডিও ক্লিপ গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। বরখাস্তকালীন সময়ে তিনি বিধি মোতাবেক খোরপোষ ভাতা পাবেন এবং নিয়ন্ত্রণকারী কর্মকর্তার পূর্বানুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করতে পারবেন না।
ভাইরাল হওয়া ১ মিনিট ৫৪ সেকেন্ডের ওই ভিডিওটিতে দেখা যায়, একটি বিদ্যুৎ মিটারের বিষয়ে এক সেবাগ্রহীতার কাছে নগদ ৫ হাজার টাকা দাবি করছেন উপ-সহকারী প্রকৌশলী ইফতে খাইরুল। এ সময় তার পাশে থাকা অন্য এক কর্মচারীকে আরও ৯ হাজার টাকা দেওয়ার কথা বলতে শোনা যায়। একপর্যায়ে দরকষাকষির পর সেবাগ্রহীতার কাছ থেকে নগদ ৩ হাজার টাকা গ্রহণ করেন ওই প্রকৌশলী।
এদিকে অভিযোগের বিষয়ে উপ-সহকারী প্রকৌশলী ইফতে খাইরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘এটি সম্পূর্ণ অসত্য তথ্য। আমি কোনো ধরনের অবৈধ টাকার লেনদেন করিনি।’
উল্লেখ্য, এর আগে গত ২৭ সেপ্টেম্বর রাতে পিডিবির নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনের ঘুষ গ্রহণ ও কথোপকথনের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছিল। ওই ঘটনার পরদিন ২৮ সেপ্টেম্বর পিডিবির তদন্ত ও শৃঙ্খলা পরিদপ্তরের উপ-পরিচালক-১ মো. কাউসার আহমেদ অপু স্বাক্ষরিত চিঠির মাধ্যমে তাকেও বরখাস্ত করা হয়েছিল।