সিরাজগঞ্জ: শীতের আগমনী বার্তা নিয়ে প্রকৃতির অপরূপ সৌন্দর্যে সেজে উঠতে শুরু করেছে সিরাজগঞ্জের চলনবিল ও যমুনার চরাঞ্চল। হিমেল হাওয়া আর কুয়াশার চাদর নামার আগেই দূরদেশ থেকে আসতে শুরু করেছে নানা প্রজাতির অতিথি পাখি। তাদের ডানা ঝাপটানো, জলকেলি আর কলকাকলিতে মুখর এখন বিলের জলাভূমি।
কোথাও ঝাঁকে ঝাঁকে বালিহাঁসের বিচরণ, কোথাও পানকৌড়ির ডুবসাঁতার, আবার খাবারের সন্ধানে জলাশয়ের কিনারে সারিবদ্ধ বকের দল। প্রকৃতির এই অপরূপ দৃশ্য উপভোগ করতে বিভিন্ন এলাকা থেকে ছুটে আসছেন প্রকৃতি ও বিনোদনপ্রেমীরা।
সাইবেরিয়াসহ বিশ্বের বিভিন্ন শীতপ্রধান অঞ্চল থেকে তীব্র শীত এড়াতে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে বাংলাদেশে আসে এসব পরিযায়ী পাখি। অনুকূল আবহাওয়া, খাদ্যের প্রাচুর্য ও নিরাপদ আশ্রয়ের সন্ধানে তারা বেছে নেয় বাংলাদেশের নদী, বিল, হাওর ও জলাভূমি। এরই ধারাবাহিকতায় এবার শীত মৌসুম শুরুর আগেই সিরাজগঞ্জের বিভিন্ন জলাভূমিতে দেখা মিলছে অতিথি পাখিগুলোর।
মৎস্যভাণ্ডারখ্যাত তাড়াশের বিস্তীর্ণ চলনবিল এবং বেলকুচি উপজেলার যমুনা নদীর চরাঞ্চলে এরই মধ্যে বক, বালিহাঁস, পানকৌড়ি, শামুকখোলসহ বিভিন্ন প্রজাতির পাখির আনাগোনা শুরু হয়েছে। সাধারণত বিলের পানি কমে গেলে অতিথি পাখির বিচরণ বাড়ে। তবে এবার কিছুটা আগেই তাদের উপস্থিতি চোখে পড়ছে। ভোরের আলো ফুটতেই খাবারের সন্ধানে জলাশয়, বিলের কিনারা ও আশপাশের ফসলি জমিতে জড়ো হচ্ছে পাখির ঝাঁক। দিনের বেশিরভাগ সময় জলাশয়ে খাবার সংগ্রহ ও বিশ্রামে কাটিয়ে বিকেলে আবার ফিরে যাচ্ছে নিরাপদ আশ্রয়ে।
প্রকৃতির এই সৌন্দর্য শুধু মানুষের চোখ জুড়াচ্ছে না, জলাভূমির জীববৈচিত্র্য রক্ষায়ও রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা। পাখির উপস্থিতি একটি এলাকার প্রাকৃতিক পরিবেশ ও খাদ্যশৃঙ্খলের সুস্থতারও ইঙ্গিত বহন করে। অথচ অতিথি পাখির আগমনের সঙ্গে সঙ্গে সক্রিয় হয়ে উঠছে একশ্রেণির অসাধু শিকারি। অভিযোগ রয়েছে, বিভিন্ন এলাকায় জাল ও খাঁচা পেতে পাখি শিকার করা হচ্ছে। কোথাও আবার খাবারের প্রলোভন দেখিয়ে পাখি আটকে ফেলার চেষ্টা চলছে। এতে নিরাপদ আশ্রয়ের সন্ধানে আসা পাখিগুলো পড়ছে নতুন বিপদের মুখে।
পরিবেশবাদী সংগঠন স্বাধীন জীবনের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক মো. আব্দুর রাজ্জাক নাছিম সারাবাংলাকে বলেন, ‘পাখি প্রকৃতির অলঙ্কার। হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে পরিযায়ী পাখির বাংলাদেশে আগমন আমাদের পরিবেশ ও প্রকৃতির জন্য আশীর্বাদ। এসব পাখি ক্ষতিকর পোকামাকড় খেয়ে ফসল রক্ষায় ভূমিকা রাখে। পাশাপাশি জলজ পরিবেশ, মাছের উৎপাদন এবং মাটির উর্বরতা বৃদ্ধিতেও সহায়তা করে। তাই অতিথি পাখি শিকার বন্ধে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন।’
তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শর্মিষ্ঠা সেন গুপ্ত সারাবাংলাকে বলেন, ‘অতিথি পাখি পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি কৃষিতেও ইতিবাচক ভূমিকা রাখে। এসব পাখি ফসলের ক্ষতিকর পোকামাকড় খেয়ে ফেলে। এতে জমিতে কীটনাশকের ব্যবহার কমানোর সুযোগ তৈরি হয় এবং কৃষকদের উৎপাদন খরচও কমে। এ ছাড়া পাখির বিষ্ঠা জমিতে প্রাকৃতিক সারের কাজ করে।’
পরিবেশবিদদের মতে, পরিযায়ী পাখির নিরাপদ বিচরণ নিশ্চিত করা শুধু বন্যপ্রাণী সংরক্ষণের বিষয় নয়, বরং এটি পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষারও গুরুত্বপূর্ণ অংশ। এজন্য চলনবিল ও যমুনার চরাঞ্চলে পাখি শিকার বন্ধে নিয়মিত নজরদারি, জনসচেতনতা বৃদ্ধি এবং প্রচলিত বন্যপ্রাণী সংরক্ষণ আইন বাস্তবায়ন জরুরি।