লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে লক্ষ্মী রাণী নাথ নামে এক স্কুলশিক্ষিকাকে সিএনজিচালিত অটোরিকশায় তুলে বেধড়ক মারধরের পর সড়কের পাশে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। এ সময় ছিনতাইকারীরা তার সঙ্গে থাকা স্বর্ণালংকার, মোবাইল ফোন এবং নগদ টাকা ছিনিয়ে নেয়।
বুধবার (১১ নভেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে চন্দ্রগঞ্জের আফজাল রোড এলাকায় এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেছেন।
ভুক্তভোগী লক্ষ্মী রাণী নাথ উপজেলার আলহাজ্ব ইব্রাহিম মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।
পুলিশ ও ভুক্তভোগীর সহকর্মীরা জানান, বিদ্যালয় থেকে পাঠদান শেষে বিকেলে বাড়ির উদ্দেশ্যে রওনা হন লক্ষ্মী রাণী। আফজাল রোড থেকে চন্দ্রগঞ্জ থানার পশ্চিমে একটি নার্সারি এলাকায় যাওয়ার উদ্দেশ্যে তিনি একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন। তবে চালক নির্ধারিত গন্তব্যে না গিয়ে অটোরিকশাটি কফিল উদ্দিন ডিগ্রি কলেজের দিকে নিয়ে যায়। শিক্ষিকা প্রতিবাদ জানালে দুর্বৃত্তরা তাকে বেধড়ক মারধর করে।
একপর্যায়ে শরীর থেকে স্বর্ণালংকার, মোবাইল ও নগদ টাকা লুটে নিয়ে তাকে নির্জন সড়কের পাশে ফেলে পালিয়ে যায় চক্রটি।
শিক্ষিকা লক্ষ্মী রাণী নাথের সহকর্মী শিক্ষক আবুল হাসনাত বলেন, ‘ছিনতাইকারীরা তাকে নির্দয়ভাবে পিটিয়েছে। মারধরে তার দুটি চোখ ফুলে কালো হয়ে গেছে এবং মুখে রক্তাক্ত জখম হয়েছে। আমরা দ্রুত এই জঘন্য অপরাধে জড়িতদের শনাক্ত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’
চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রব জানান, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। অভিযুক্ত সিএনজি চালক ও ঘটনার সঙ্গে জড়িত ছিনতাইকারী চক্রটিকে শনাক্ত ও গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে।