Sunday 04 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঈদ উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীদের প্রশিক্ষণ দিবে ডিএনসিসি

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ মে ২০২৫ ১৯:২৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে পশুর চামড়া ও মাংসের গুনগত মান অক্ষুন্ন রেখে ধর্মীয় ও স্বাস্থ্যবিধি মেনে কোরবানির পশু জবাই এবং মাংস প্রস্তুতের বিষয়ে ইমাম ও মাংস প্রস্তুতকারীদের প্রশিক্ষণ দিবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

সোমবার (১৯ মে) বিকেলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের বিভাগীয় প্রধান ব্রিগে. জেনারেল ইমরুল কায়েস চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, পশুর চামড়া বিশেষ করে গরুর চামড়া একটি অন্যতম রফতানিযোগ্য জাতীয় সম্পদ। বছরে যে পরিমান পশু চামড়া সংগৃহিত হয় তার বেশিরভাগই আসে পবিত্র ঈদুল আজহাতে কোরবানিকৃত পশু থেকে। কিন্তু সংশ্লিষ্ট ইমাম ও মাংস প্রস্তুতকারীদের কোরবানির পশুর চামড়া ছাড়ানোর সঠিক পদ্ধতি জানা না থাকায় এই জাতীয় সম্পদের গুণগত মান বজায় থাকে না এবং রফতানিযোগ্যতা হারায়। এ বিষয়টি মাথায় রেখে এ বছর ডিএনসিসির ১০টি অঞ্চলেই প্রশাসকের নির্দেশে ইমাম ও মাংস প্রস্তুতকারীদের প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

বিজ্ঞাপন

ইমরুল কায়েস বলেন, কোরবানির পশুর বর্জ্য সঠিক ব্যবস্থাপনা ও স্বাস্থ্যঝুঁকির কথা মাথায় রেখে এলাকা ভিত্তিক কোরবানির জন্য স্থান নির্ধারণ করা হয়েছে। সেখানে এলাকাবাসীকে পশু কোরবানি দিতে উৎসাহিত করা হচ্ছে, যাতে সহজে অল্প সময়ের মধ্যেই পশুর বর্জ্য সঠিকভাবে অপসারণ করা যায়।

এদিকে, ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজের নির্দেশে এ বছর ডিএনসিসির আওতাধীন প্রতিটি পশুর হাটে ১৪ সদস্য বিশিষ্ট মেডিকেল টিম থাকবে এবং তারা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে।

সারাবাংলা/এমএইচ/এনজে