Sunday 04 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এ দেশে দুর্নীতি ছিল শোষণের হাতিয়ার: দুদক কমিশনার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ মে ২০২৫ ১৯:৫২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জ: দুদক কমিশনার ব্রিগেডিয়ার জেনারের (অব.) হাফিজ আহ্সান ফরিদ বলেছেন, ৭১ সালের পর থেকে ২৪ পর্যন্ত এ দেশে যে পরিমাণ দুর্নীতি হয়েছে তার টাকা দিয়ে পুরো বাংলাদেশ সোনা দিয়ে মোড়ানো যেতো। এ দেশে দুর্নীতি ছিল শোষণের হাতিয়ার। পাশাপাশি এই দুর্নীতির কারণে দেশটার কি পরিমাণ ক্ষতি করেছে সেটি ২০২৪-এ বোঝা গেছে। সব শেষ করে দিয়েছে। সব শোষণ করে নিয়ে গেছে।

সোমবার (১৯ মে ) দুপুরে সুনামগঞ্জে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সেবাগ্রহীতাদের নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উদ্যোগে গণশুনানিতে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘দুদক কমিশন আগের যেকোনো কমিশন থেকে ভিন্ন। দুদক কমিশন যদি কোনো অনৈতিক কাজের সঙ্গে জড়ায়, সেটা হবে জুলাই গণঅভ্যুত্থানের বাচ্চাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা।’

বিজ্ঞাপন

সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে আলোচনা পর্বে বিশেষ অতিথির বক্তব্য দেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন। শুভেচ্ছা বক্তব্য দেন সুনামগঞ্জের পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ, দুদকের সিলেট সমন্বিত কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক রাফি নাজমুস সাদাত, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সভাপতি অধ্যাপক সৈয়দ মহিবুল ইসলাম।

পরে জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়ার সঞ্চালনায় গণশুনানিতে সেবাপ্রার্থীরা জেলা সদর হাসপাতাল, পৌরসভা, বিদ্যুৎ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়, পুলিশ বিভাগ, নির্বাচন কার্যালয়, বিআরটিএ, সাবরেজিস্টার কার্যালয়, পানি উন্নয়ন বোর্ড, পাসপোর্ট, জেলা কারাগার, এলজিইডি, ভূমি, প্রাণিসম্পদ কার্যালয়, বিটিসিএল,সম সেটেলমেন্ট কার্যালয়সহ বিভিন্ন বিভাগের অনিয়ম ও দুর্নীতি এবং সেবা নিতে গিয়ে হয়রানি ও ভোগান্তির শিকার লোকজন অভিযোগ তুলে ধরেন এবং বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা জবাব ও এ বিষয়ে প্রয়োজনীয় করণীয় সম্পর্কে বক্তব্য দেন।

সারাবাংলা/এইচআই