Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৫ বিসিএস নিয়ে পিএসসি’র রোডম্যাপ ঘোষণা

স্টাফ করেসপন্ডেট
৩ জুন ২০২৫ ১৯:৩৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: সরকারি চাকরিপ্রত্যাশীদের জন্য চলমান বিসিএস প্রক্রিয়ার জট নিরসন এবং ফল প্রকাশে সময়ক্ষেপণ কমানোর লক্ষ্যে ৫ বিসিএসের ফল প্রকাশে রোডম্যাপ ঘোষণা করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। মঙ্গলবার (৩ জুন) জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটি।

পিএসসির রোডম্যাপ অনুযায়ী, ৪৪, ৪৫ ও ৪৮তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে যথাক্রমে ৩০ জুন, ১০ ডিসেম্বর এবং ২২ সেপ্টেম্বর। পিএসসি জানায়, নির্ধারিত সময় অনুযায়ী ফল প্রকাশ নিশ্চিত করতে ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল ১৯ জুন প্রকাশ করা হবে এবং একইসঙ্গে মৌখিক পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হবে। যেসব প্রার্থীর একাধিক বিসিএস পরীক্ষার সময়সূচি ওভারল্যাপ করতে পারে, তাদের জন্য কমিশন পৃথক ব্যবস্থা নিয়েছে। ৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষা, যদি কারও ৪৬তম বিসিএসের লিখিত বা ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার সঙ্গে মিলে যায়, তাহলে সেই প্রার্থীর মৌখিক পরীক্ষা নির্ধারিত হবে সংশ্লিষ্ট পরীক্ষার এক মাস আগে বা পরে।

বিজ্ঞাপন

চিকিৎসক সংকট মোকাবিলায় সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে ৪৮তম বিসিএস (বিশেষ)। সরকার এরই মধ্যে ২৭ মে ২০২৫ তারিখে এই বিসিএসের গেজেট প্রকাশ করেছে এবং মাত্র দু’দিনের ব্যবধানে, ২৯ মে’র বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই বিশেষ বিসিএসের এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষা হবে ১৮ জুলাই এবং ফলাফল প্রকাশ করা হবে ২১ জুলাই। এরপর চূড়ান্ত ফল প্রকাশ করা হবে ২২ সেপ্টেম্বর। এ ছাড়া, ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হবে আগামী ১৯ সেপ্টেম্বর এবং লিখিত পরীক্ষা শুরু হবে ২৭ নভেম্বর থেকে।

পিএসসি জানায়, নিয়মিত বিসিএসের ক্ষেত্রে বিজ্ঞপ্তির দুই মাস পর প্রিলিমিনারি পরীক্ষা এবং প্রিলিমিনারির ফল প্রকাশের দুই মাস পর লিখিত পরীক্ষা নেওয়া হবে। তবে অনিবার্য কারণে নির্ধারিত সময়সূচি কিছুটা পরিবর্তন হতে পারে বলে জানায় কমিশন। তবে বাস্তবায়নে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।

পিএসসির পক্ষ থেকে জানানো হয়েছে, ঘোষিত রোডম্যাপ বাস্তবায়নে সর্বাত্মক চেষ্টা অব্যাহত থাকবে এবং প্রার্থীদের মধ্যে কোনো ওভারল্যাপিং না হয়, তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

সারাবাংলা/এনএল/পিটিএম