Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

লাখের নিচে মিলছে গরু, দুপুরের পর থেকে বাড়ছে দাম

স্টাফ করেসপন্ডেন্ট
৫ জুন ২০২৫ ১৫:৫৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: কোরবানির ঈদের আর মাত্র একদিন বাকি। এ সময় স্বাভাবিকভাবেই জমজমাট হয়ে উঠেছে রাজধানীর গরুর হাটগুলো। আর লাখের নিচে এবং সাধ্যের মধ্যে গরু পাওয়ায় খুশি ক্রেতারা। তবে দুপুরের পর থেকে বাড়তে শুরু করেছে দাম।

বৃহস্পতিবার (৫ জুন) রাজধানীর বিভিন্ন কোরবানীর পশুর হাট ঘুরে এ চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, হাটগুলোতে প্রচুর গরু রয়েছে। আর হালকা বৃষ্টি হলেও ক্রেতায় পরিপূর্ণ কোরবানীর পশুর হাটগুলো। গতবারের চেয়ে এবার গরুর দাম তুলনামূলকভাবে কম বলে মন্তব্য করছেন ক্রেতারা। ৭০ থেকে ৮০ হাজার টাকায় গরু পাওয়া যাচ্ছে। এছাড়া একটু বড় গরু এক লাখ ২০ থেকে ৫০ হাজারের ভেতর পাওয়া যাচ্ছে। তবে দুপুরের পর থেকে ধীরে ধীরে বাড়তে শুরু করেছে দাম।

বিজ্ঞাপন

ইস্টার্ন হাউজিংয়ের হাট থেকে গরু কিনেছেন মামুন নামের একজন ক্রেতা। তিনি বলেন, ‘১ লাখ ২৫ হাজার টাকা দিয়ে একটি গরু কিনেছি। বিক্রেতা গরুরটির দাম ১ লাখ ৭০ হাজার টাকা চেয়েছিলেন। পরবর্তীতে দর কষাকষির এক পর্যায়ে ১ লাখ ২৫ হাজারে দিয়ে দিয়েছে। এই দামে গরু কিনতে পেরে আমি খুশি।’

গরুর হাটে আসা অন্যান্য ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, সকাল থেকে হাটে গরুর দাম কম ছিল। কারণ তখন ক্রেতা কম ছিল। কিন্তু দুপুরের পর থেকে ক্রেতা বাড়তে থাকায় গরুর দামও ক্রমেই বাড়িয়ে দিচ্ছেন বেপারীরা।

এদিকে, গরুর বেপারীরা জানান, আজ সকাল থেকেই বিক্রি ভালো হচ্ছে। তবে এবার গরুর দাম অনেক কম। গত বছরের তুলনায় লাখে ২০-৩০ হাজার টাকা কমে গরু বিক্রি হচ্ছে। মানুষ দরদামও বেশ করছে। কোনো রকমে লাভ পেলেই বিক্রেতারা বিক্রি করে দিচ্ছেন।

সারাবাংলা/এমএইচ/আরএস