Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জুবাইদা রহমান ও জাইমা রহমানের নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে অপপ্রচার: রিজভী

স্টাফ করেসপন্ডেন্ট
৫ জুন ২০২৫ ১৬:১৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং তাদের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে অসত্য ও বানোয়াট মন্তব্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং তাদের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

বৃহস্পতিবার (৫ জুন) রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, ‘আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছি যে, একটি দুর্বৃত্তচক্র পরিকল্পিতভাবে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী ডা. জুবাইদা রহমান ও তাদের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের নামে ফেইক ও মিথ্যা ফেসবুক অ্যাকাউন্ট খুলে অসত্য, বানোয়াট মন্তব্য পোস্ট করছে। এছাড়া এ আই (আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স) ব্যবহার করে অসাধু প্রতারকচক্র ডা. জুবাইদা রহমান ও ব্যারিস্টার জাইমা রহমানের ছবি ও ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে। এ কাজ দুষ্টচক্রের উদ্দেশ্যপ্রণোদিত, এসব অপপ্রচারের লক্ষ্য হচ্ছ জনমনে জিয়া পরিবারকে নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘যারা এ ধরনের ডিজিটাল জালিয়াতির কাজে যুক্ত রয়েছে, তারা সুদূরপ্রসারী কোনো চক্রান্তের নীলনকশা বাস্তবায়ন করছে বলে আমরা মনে করি। বিএনপি’র ভাবমূর্তিকে নানাভাবে কালিমালিপ্ত করতে অপচেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে এখন লক্ষ্যপূরণে জিয়া পরিবারকে টার্গেট করে নানামুখী অপতৎপরতা শুরু হয়েছে।’

রিজভী বলেন, ‘ডা. জুবাইদা রহমান ও ব্যারিস্টার জাইমা রহমানের নামে ফেসবুকসহ এ আইয়ের মাধ্যমে এডিট করে ছবি ও ভিডিও তৈরি এবং প্রচার করা শুধুমাত্র গর্হিত কাজই নয়, এটি একটি গুরুতর অপরাধ। আমরা এহেন গর্হিত কাজের তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানাচ্ছি। এসব অপকর্মের সঙ্গে যারা জড়িত, তাদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি। একটি গণতান্ত্রিক সমাজে মিথ্যার কোনো স্থান নেই, তাই প্রযুক্তির সুযোগ নিয়ে মিথ্যার সংস্কৃতি প্রসারিত করার চেষ্টা করা হলে তাও জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত হয়।’

তিনি দৃঢ়কণ্ঠে ঘোষণা করেন, ডা. জুবাইদা রহমান ও ব্যারিস্টার জাইমা রহমানের নামে কখনোই কোনো ফেসবুক অ্যাকাউন্ট ছিল না এবং এখনো নেই। সুতরাং তাদের নামে ফেসবুকে পোস্ট করা কোনো মন্তব্যে জনগণকে বিভ্রান্ত না হওয়ার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি।’

এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, ‘প্রশাসন চাইলেই এই ধরনের ভুয়া অ্যাকাউন্ট খুলে মিথ্যা প্রচারকারীদের আইনের আওতায় আনতে পারে। পদক্ষেপ নিতে পারে। কিন্তু তারা পদক্ষেপ নেয় না।’

রিজভী বলেন, ‘আমার নিজের নামও অনেক ফেসবুক একাউন্ট আছে যা আমি নিজে চালাই না। আমি অনেকবার ডায়েরি করেছি কিন্তু তার কোনো ধরনের পদক্ষেপ পাইনি। কিন্তু রাষ্ট্রের উচিত এ ধরনের অন্যায়গুলোকে দমন করা।’

সারাবাংলা/এফএন/এমপি