Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পঞ্চগড়ে ছোট বোনকে বাঁচাতে গিয়ে পুকুরে ডুবে বড় বোনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ জুন ২০২৫ ১১:৫৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পঞ্চগড়: পঞ্চগড়ের বোদা উপজেলায় ছোট বোনকে বাঁচাতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ হারিয়েছে বড় বোন মুনতাহা (৮)।বৃহস্পতিবার (৫ জুন) বিকেলে বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের আলিম বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মুনতাহা স্থানীয় কাঠমিস্ত্রি আবু সায়েদের মেয়ে। সে ও তার ছোট বোন আয়েশা সিদ্দিকা (৬) বিকেলে বৃষ্টির পানিতে অন্যান্য শিশুদের সঙ্গে ভিজে গোসল করছিল। গোসল শেষে বাড়ি ফেরার পথে পুকুরপাড়ে আয়েশা পা পিছলে পানিতে পড়ে যায়। ছোট বোনকে পড়ে যেতে দেখে মুনতাহা তাকে উদ্ধারের জন্য পুকুরে ঝাঁপ দেয়।

তবে দীর্ঘ সময়েও তারা বাড়ি না ফিরলে পরিবারের লোকজন খোঁজ নিতে শুরু করে। পরে এক শিশু জানায়, দুই বোন পুকুরে পড়ে গেছে। স্থানীয়রা তাৎক্ষণিক পুকুরে নেমে খোঁজাখুঁজি করে তাদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মুনতাহাকে মৃত ঘোষণা করেন। আহত আয়েশা সিদ্দিকা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

বিজ্ঞাপন

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

সারাবাংলা/এমপি