Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৫ টাকার নোটে কুসুম্বা মসজিদের ছবি পুনঃস্থাপনের দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ জুন ২০২৫ ১৩:০৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁ: পাঁচ টাকার নোটে ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদের ছবি পুনঃস্থাপনের দাবিতে নওগাঁর মান্দায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ জুন) বাদ জুমা কুসুম্বা মসজিদ প্রধান ফটকের সামনে কুসুম্বা মসজিদের সকল মুসল্লি ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কুসুম্বা মসজিদের খতিব মাওলানা মোস্তফা আল আমিনের সভাপতিত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে জেলা জামায়াতের আমীর খন্দকার মো. আব্দুর রাকিব, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোখলেছুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক ইকরামুল বারী টিপু প্রমুখ বক্তব্য বক্তারা বলেন, ‘কুসুম্বা মসজিদ জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতির অমূল্য নিদর্শন। এটি পাঁচ টাকার নোটে বহাল থাকায় দেশের মানুষ সহজেই ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানতে পারতেন। সেই নোট থেকে কুসুম্বা মসজিদের ছবি প্রত্যাহার করে নেওয়া দেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে অবমূল্যায়নের শামিল।’

বিজ্ঞাপন

জেলা জামায়াতের আমীর খন্দকার মো. আব্দুর রাকিব বলেন, ‘কুসুম্বা মসজিদ ইসলামী ঐতিহ্যের নিদর্শন। সেই মসজিদের ছবি প্রত্যাহার করে ধর্মপ্রাণ মুসলমানদের অনুভূতিতে আঘাত দেওয়া হয়েছে। অবিলম্বে সরকারের এই সিদ্ধান্ত পরিবর্তন করে পাঁচ টাকার নোটে কুসুম্বা মসজিদের ছবি পুনঃস্থাপনের দাবি জানাচ্ছি।’

অবিলম্বে কুসুম্বা মসজিদের ছবি পুনরায় পাঁচ টাকার নোটে বহালের দাবি জানিয়েছেন বক্তারা। দাবি মানা না হলে ভবিষ্যতে মান্দাসহ নওগাঁবাসীকে সঙ্গে নিয়ে বৃহত্তর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন নেতারা।

সারাবাংলা/এসডব্লিউ