Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

অক্টোবরে একীভূত হচ্ছে শরিয়াহভিত্তিক পাঁচ ইসলামী ব্যাংক

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ জুন ২০২৫ ১৬:৫৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: আগামী অক্টোবর নাগাদ একীভূত হচ্ছে আর্থিক সংকটে পড়া শরিয়াহভিত্তিক পাঁচ ইসলামী ব্যাংক। ব্যাংকগুলো হচ্ছে- সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও এক্সিম ব্যাংক। এ পাঁচ ব্যাংকের সমস্বয়ে গঠিত হবে বড় আকারের একটি শরীয়াহভিত্তিক ইসলামী ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, এই উদ্যোগটি মূলত ‘ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ-২০২৫’ এর অধীনে ব্যাংকিং খাতকে স্থিতিশীল করতে অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টার অংশ। এই অধ্যাদেশে কেন্দ্রীয় ব্যাংককে সংকটে থাকা আর্থিক প্রতিষ্ঠানগুলোর সমস্যা সমাধানে বর্ধিত ক্ষমতা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সূত্র মতে, ব্যাংকগুলোর একীভূতকরণের বিষয়ে ঈদুল আজহার আগে উল্লেখিত পাঁচ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যানদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেছে বাংলাদেশ ব্যাংক। এছাড়া ‘ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ-২০২৫’ এর মূল দিকগুলো নিয়েও আলোচনা করা হয় বৈঠকে।

সূত্র জানায়, বৈঠকে একীভূতকরণ প্রক্রিয়ার একটি রোডম্যাপ নিয়ে আলোচনা হয়েছে। একইসঙ্গে চিহ্নিত ব্যাংকগুলোর জন্যে একটি অপশনও রাখা হয়েছে। সেটি হচ্ছে- কোনো ব্যাংক যদি প্রমাণ করতে পারে যে, তারা নিজেরাই সংকট কাটিয়ে উঠতে পারবে। তবে তাদের জন্য ছাড় বিবেচনা করা হতে পারে। অন্যথায় অধ্যাদেশের আওতায় রেজুলেশন প্রক্রিয়া শুরু হবে।

সূত্র মতে, আগামী জুলাইয়ে আনুষ্ঠানিকভাবে একীভূতকরণ প্রক্রিয়ার জন্য টিম গঠন শুরু হবে এবং ১৫ অক্টোবরের মধ্যে একীভূতকরণ প্রক্রিয়া শেষ হবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি ও প্রতিটি ব্যাংকের দক্ষ কর্মীদের সমন্বয়ে পাঁচটি যৌথ দল একীভূতকরণ প্রক্রিয়ার সঙ্গে কাজ শুরু করবে। এ সময় ব্যাংকগুলোর বর্তমান ব্যবস্থাপনা পরিচালকদের সরিয়ে দেওয়া হবে ও বিদ্যমান বোর্ড সদস্য এবং বিভিন্ন খাতের প্রতিনিধিদের সমন্বয়ে একটি নতুন বোর্ড গঠন করা হবে। এই প্রক্রিয়া সাড়ে তিন মাস ধরে চলবে। একীভূতকরণ প্রক্রিয়া শুরু হলে ব্যাংকগুলো সাময়িকভাবে সরকারের নিয়ন্ত্রণে থাকবে তথা একীভূত প্রতিষ্ঠান কেন্দ্রীয় ব্যাংকের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হবে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, চিহ্নিত ব্যাংকগুলো একীভূত হলেও ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক আমানতকারীদের অর্থ সম্পূর্ণ নিরাপদ ও সুরক্ষিত থাকবে। একীভূতকরণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ব্যাংকগুলোর হিসাবধারীরা আগের মতোই তাদের নিজ নিজ হিসাব চালিয়ে যেতে পারবেন। ব্যাংকগুলোর স্পন্সর পরিচালক, বর্তমান পরিচালনা পর্ষদ ও সাধারণ শেয়ারহোল্ডারদের সম্মতিতে একীভূতকরণ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

সূত্র জানায়, উল্লেখিত পাঁচ ব্যাংকের বাইরে আরও একটি সঙ্কটপূর্ণ শরিয়াহভিত্তিক ইসলামী ব্যাংক চিহ্নিত করেছে বাংলাদেশ ব্যাংক। সেটি হচ্ছে- আইসিবি ইসলামিক ব্যাংক। কিন্তু ব্যাংকটিতে বিদেশি মালিকানা থাকায় এটিকে আপাতত এ প্রক্রিয়ার বাইরে রাখা হয়েছে।

সারাবাংলা/আরএস