Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাতে বাসা থেকে বের হওয়ার পর সকালে মিলল লাশ

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ জুন ২০২৫ ১৭:১৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে সড়কের পাশে খাদ থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার হয়েছে। এক রাত নিখোঁজ ছিলেন ওই ব্যক্তি। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে- সেটি পুলিশ এখনও নিশ্চিত হতে পারেনি।

সোমবার (৯ জুন) দুপুরে নগরীর চকবাজার থানার চন্দনপুরায় এক্সেস রোড থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ।

মৃত আবুল হাসেম হাছু (৬০) নগরীর চন্দনপুরা পশ্চিম গলির বাসিন্দা ছিলেন।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর সারাবাংলাকে জানান, চন্দনপুরায় এক্সেস রোডের পাশে একটি ছোট্ট খাদে পানি ও ময়লা-আবর্জনার স্তূপের মধ্যে উপুড় হয়ে পড়ে ছিলেন। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তার লাশ উদ্ধার করা হয়েছে। পরে পরিবারের সদস্যরা গিয়ে লাশ শনাক্ত করেন।

বিজ্ঞাপন

পুলিশের সুরতহাল প্রতিবেদন অনুযায়ী, লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবে বাম পায়ের গোড়ালিতে সামান্য জখমজনিত গর্ত পাওয়া গেছে।

ওসি জাহিদুল কবীর বলেন, ‘পরিবারের সদস্যরা জানিয়েছেন, আবুল হাসেম বিয়েশাদি করেননি। ভাইদের পরিবারের সঙ্গে বাসায় থাকতেন। শারীরিক ও মানসিক কিছু সমস্যা ছিল। মাঝে মাঝে বাসা থেকে বের হয়ে যেতেন, আবার ১-২ দিন পর ফিরে আসতেন।’

‘গত (রোববার) রাতেও বাসা ছেড়ে গিয়েছিলেন। পরিবারের সদস্যরা ভেবেছিলেন, আগের মতোই ফিরে আসবেন।’

কীভাবে মৃত্যু হয়েছে সেটি নিশ্চিত করতে ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে ওসি জানান।

সারাবাংলা/আরডি/আরএস