Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আলীকদমে পর্যটকের মৃত্যু: ট্যুর এক্সপার্ট গ্রুপের এডমিন গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ জুন ২০২৫ ১৭:৫৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বান্দরবান: বান্দরবানের আলীকদম উপজেলায় দুই পর্যটকের মৃত্যুর ঘটনায় ফেসবুকভিত্তিক ভ্রমণ গ্রুপ “ট্যুর এক্সপার্ট” এর এডমিন বর্ষা ইসলাম বৃষ্টিকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১৪ জুন) সকালে আলীকদম থানায় তাকে গ্রেফতার দেখানো হয়। এদিন পর্যটক স্মৃতি আক্তারের বাবা মো. হাবিবুর রহমান আলীকদম থানায় মামলাটি দায়ের করেন।

আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা জহির উদ্দিন বলেন, দায়িত্ব অবহেলার অভিযোগে বর্ষা ইসলাম বৃষ্টির বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে, ঘটনার পর থেকে বর্ষা ইসলাম বৃষ্টি পুলিশ হেফাজতে ছিলেন। তার বিরুদ্ধে মামলা দায়েরের পর বর্ষাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

এজাহারে তিনি উল্লেখ করেন, তার মেয়ে স্মৃতি আক্তার (২৪) ঈদুল ফিতর উপলক্ষে গ্রুপটির আয়োজিত ‘ক্রিসতং-রুংরাং সামিট’ ট্যুরে অংশ নিতে গত ৮ জুন ঢাকার রামপুরা থেকে যাত্রা শুরু করেন।

এজাহারে আরও বলা হয়, অভিযুক্ত বর্ষা ইসলাম প্রশাসনের কোনো অনুমতি কিংবা প্রয়োজনীয় নিরাপত্তা প্রস্তুতি ছাড়াই ৩৩ জন সদস্য নিয়ে দুর্গম পাহাড়ি এলাকায় ট্যুর পরিচালনা করেন। মাত্র একজন স্থানীয় গাইড এবং পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তা কর্মী ছাড়াই পুরো আয়োজন চালানো হয়।

এছাড়া অভিজ্ঞ তাহীন সহকারী হাসান চৌধুরী শুভকে দায়িত্ব দিয়ে ২১ জন পর্যটককে পাহাড়ি ঝুঁকিপূর্ণ পথ পাড়ি দিয়ে আলীকদমের দিকে পাঠানো হয়। ১১ জুন বিকেলে কুরুকপাতা ইউনিয়নের শামুক ঝর্ণা এলাকায় প্রবল বৃষ্টির ফলে পাহাড়ি ঢল নামে। এতে পানির স্রোতে স্মৃতি আক্তার, সহকারী হাসান চৌধুরী শুভ এবং আরেক পর্যটক শেখ জুবাইরুল ইসলাম নিখোঁজ হন।

পরদিন ১২ জুন মাতামুহুরী নদী থেকে শেখ জুবাইরুল ইসলামের এবং ১৩ জুন তৈন খাল থেকে স্মৃতি আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে হাসান চৌধুরী শুভ এখনো নিখোঁজ রয়েছেন।

এ বিষয়ে বান্দরবান জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম রিমন বলেন, অকাল কোনো মৃত্যু কাম্য নয়। ট্যুর এক্সপার্ট গ্রুপের এডমিন বর্ষা ইসলামের দায়িত্বহীনতার কারণেই অকালে তিনটি তাজা প্রাণ ঝরে গেছে। ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে প্রশাসন ও স্থানীয় পর্যায়ে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

সারাবাংলা/ইআ