Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নতুন মিটার স্থাপনের সময় বিদ্যুৎস্পৃষ্টে লাইনম্যানের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ অক্টোবর ২০২৬ ১৮:৪৪

প্রতীকী ছবি

সিরাজগঞ্জ: জেলার সদর উপজেলায় নতুন বিদ্যুৎ মিটার স্থাপনের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাসেল বাবু (৩১) নামে পল্লী বিদ্যুতের এক লাইনম্যানের মৃত্যু হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) সকাল ১০টার দিকে রতনকান্দি ইউনিয়নের গোবিন্দপোটল এলাকায় এ ঘটনা ঘটে।

রাসেল বাবু সদর উপজেলার খামারগাতী গ্রামের বাবলু মন্ডলের ছেলে। তিনি সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর কাজিপুর সাব-জোনাল অফিসে দৈনিক হাজিরাভিত্তিক লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন।

সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর কাজিপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. মাইদুল ইসলাম জানান, সকালে সহকর্মীদের সঙ্গে গোবিন্দপোটল এলাকায় নতুন বিদ্যুৎ মিটার স্থাপনের কাজে যান রাসেল। সেখানে একটি লাইনে বিদ্যুৎ সংযোগ বন্ধ রেখে কাজ চলছিল। পাশের আরেকটি লাইনও বন্ধ রয়েছে মনে করে রাসেল বিদ্যুতের খুঁটিতে উঠে কাজ শুরু করেন। একপর্যায়ে বিদ্যুতের তারের সংস্পর্শে এলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খুঁটির সঙ্গে ঝুলে পড়েন।

বিজ্ঞাপন

পরে সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাসেল বাবুকে মৃত ঘোষণা করেন।

ডিজিএম মো. মাইদুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে তা বিস্তারিতভাবে খতিয়ে দেখা হবে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করে দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হবে।’

এদিকে সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল ইসলাম জানান, বিদ্যুতের খুঁটিতে ওঠার পর রাসেলের হাত বিদ্যুতের তারে লেগে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে তার মৃত্যু হয়।

ওসি আরও জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে।