পাবনা: পাবনার বেড়ায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ঘটেছে। এ ঘটনায় উভয়পক্ষের কয়েকজন আহত হয়েছে। এদিকে, সংঘর্ষের ভিডি ধারণ করতে গিয়ে লাঞ্ছিত হয়েছেন স্থানীয় এক সাংবাদিক। তার ক্যামেরা ভাঙচুর করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) দুপুরের দিকে এ সংঘর্ষের সূত্রপাত হয়।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় বেড়া মডেল থানার সামনে বিক্ষোভ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের ধাওয়ায় তারা ছত্রভঙ্গ হয়ে যায়। এর কিছুক্ষণ পর বৃশালিখা এলাকায় সাবেক ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়িতে থাকা খড়ের পালায় আগুন দেওয়া হয়।
সেই ঘটনার জের ধরে শনিবার সকাল থেকে বেড়া পৌর সদরের স্যানালপাড়া ও বৃশালিখা এলাকায় বিক্ষোভ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের নেতাকর্মীরা। তার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করেন বিএনপি নেতাকর্মীরা। এক পর্যায়ে স্যানালপাড়া এলাকায় দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। ধাওয়া-পালটা ধাওয়া এবং ইট-পাটকেল নিক্ষেপে রণক্ষেত্রে পরিণত হয় স্যানালপাড়া ও বৃশালিখা এলাকা।
এ ঘটনায় উভয়পক্ষের কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় পুলিশকে লক্ষ্য করেও ইট-পাটকেল ছোড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের নেতাকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ।
উল্লেখ্য, বিকেল ৪টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে থেমে-থেমে সংঘর্ষ চলছিল।
বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। বর্তমানে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে।’