Saturday 21 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নিখোঁজের ২ দিন পর অচেতন অবস্থায় রাবি ছাত্র উদ্ধার, রামেকে ভর্তি

রাবি করেসপন্ডেন্ট
২১ নভেম্বর ২০২৬ ১৯:০৮ | আপডেট: ২১ নভেম্বর ২০২৬ ১৯:০৯

শিক্ষার্থী হৃদয়। ছবি: প্রতিনিধি

রাবি: নিখোঁজের দুইদিন পর নাটোরের বড়াইগ্রামের একটি ধানখেত থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নিখোঁজ শিক্ষার্থী মো. হৃদয় আলীকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের শিবপুর বিলের একটি ধানখেত থেকে স্থানীয় বাসিন্দা ও সংবাদকর্মী জাফর আলীসহ কয়েকজন তাকে উদ্ধার করেন।

উদ্ধারের পর শ্বাসকষ্ট ও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পুলিশের সহায়তায় তাকে বনপাড়া আমিনা হাসপাতালে ভর্তি করা হয়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ভর্তি করা হয়েছে।

উদ্ধার হওয়া হৃদয় বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রোনমি অ্যান্ড অ্যাগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি ঠাকুরগাঁওয়ে। হৃদয় বিশ্ববিদ্যালয়-সংলগ্ন বিনোদপুরের মণ্ডলের মোড় এলাকার ‘মণ্ডল ম্যানশন’ নামের একটি মেসে থাকেন।

বিজ্ঞাপন

এদিকে খবর পেয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম ও সহকারী প্রক্টর অধ্যাপক মো. জহুরুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত বনপাড়ায় ওই হাসপাতালে ছুটে আসেন। তারা চিকিৎসকদের কাছ থেকে হৃদয়ের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। পরে তাকে দ্রুত বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে রামেকে পাঠানো হয়েছে।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম বলেন, ‘হৃদয়কে নাটোরের শিবপুরে একটা ধানখেতের পাশে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। খবর পেয়েই দ্রুত আমিসহ প্রক্টরিয়াল বডি আমরা অ্যাম্বুলেন্স নিয়ে নাটোরে হাসপাতালে এসেছি। পরে উন্নত চিকিৎসার জন্য ডাক্তারের পরামর্শে দ্রুত বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে রামেকে পাঠানো হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও মানসিক অবস্থা স্বাভাবিক নয়। হৃদয়ের সুস্থতায় সকলের নিকট দোয়া চাই।’

এদিকে নিখোঁজের স্বজনরা জানান, বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একটি কালো ব্যাগ নিয়ে মেস থেকে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। এ ঘটনায় পরদিন শুক্রবার রাজশাহীর মতিহার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। তদন্তে পুলিশ তার মোবাইলে সর্বশেষ অবস্থান রাজশাহী শহরের শিরোইল কলোনি এলাকায় শনাক্ত করেছিল।

স্থানীয়রা জানান, শনিবার দুপুর ১২টার দিকে শিবপুর বিলের ধানখেতে স্থানীয়রা হৃদয়কে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে তাকে উদ্ধার করে থানা পুলিশে খবর দেওয়া হয়।

বনপাড়া আমিনা হাসপাতালের চিকিৎসক ডা. আনসারুল হক বলেন, ‘তার চিকিৎসা চলছে। বর্তমানে তার শারীরিক অবস্থা উন্নতির দিকে। তাকে রামেকে পাঠানো হয়েছে।’

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘ওই শিক্ষার্থী এখনো কথা বলতে পারছেন না। এ কারণে কীভাবে তিনি এখানে এলেন, তা জানা সম্ভব হয়নি। রাজশাহীর মতিহার থানা ও বড়াইগ্রাম থানা পুলিশ যৌথভাবে বিষয়টি তদন্ত করছে। তিনি সুস্থ হয়ে উঠলে বিস্তারিত জেনে দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর