Friday 09 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নতুন আরেক হত্যা মামলায় গ্রেফতার তুরিন আফরোজ

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ জুন ২০২৫ ১২:৪৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: জুলাই-আগস্ট আন্দোলনে রাজধানীর উত্তরায় মাদরাসাছাত্র আরাফাত হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।

বুধবার (১৮ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম. মিজবাহ উর রহমান এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়।

মামলার এজাহারে উল্লেখ করা যায়, রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন জামিয়া রওযাতুল উলুম মাদরাসার পঞ্চম শ্রেণিতে অধ্যয়নরত ছিল আরাফাত। গত ৫ আগস্ট সকাল ৮টা থেকে বৈষম্যবিরোধী আন্দোলনে সরকার পতনের একদফা দাবিতে উত্তরা পশ্চিম থানার ৭ নম্বর সেক্টর এলাকায় বিক্ষোভ করছিল। এ সময় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় গুলিবিদ্ধ হয় ছেলেটি।

বিজ্ঞাপন

পরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় ২২ ডিসেম্বর তার মৃত্যু হয়। এ ঘটনায় রাজধানীর উত্তরা পশ্চিম থানায় মামলা করেন নিহতের বড় ভাই মো. হাসান আলী।

এর আগে, ৭ এপ্রিল রাতে উত্তরা ৩ নম্বর সেক্টরের ১১ নম্বর রোডের বাসা থেকে তুরিন আফরোজকে গ্রেফতার করে পুলিশ। পরের দিন একটি হত্যাচেষ্টা মামলায় তার চারদিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন। এরপর থেকে কারাগারে রয়েছেন তিনি।

সারাবাংলা/আরএম/ইআ