ঢাকা: রাজধানীর ভাটারা সাঈদনগর এলাকার একটি ভবনের দুই তলা থেকে নিচে পড়ে ফুয়াদ নাঈম (২৩) নামে এক শিক্ষার্থী মারা গেছেন। তিনি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিল।
শুক্রবার (৯অক্টোবর) সকাল ৬টার দিকে ভাটারা সাঈদনগর বড় মসজিদ সংলগ্ন একটি সাততলা মেস ভবনে এ ঘটনা ঘটে।
তাকে দেখতে পেয়ে সহপাঠিরা ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক সোয়া ৮টার দিকে মৃত ঘোষনা করেন।
হাসপাতালে মৃত ফুয়দের রুমমেট সাদমান সাকিব জানান, ফুয়াদ ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিল। ভাটারা সাঈদনগরে সাততলা বাসার দুইতলায় একটি বাসায় আমরা মেস করে থাকতাম। সকালে স্থানীয়দের চিৎকার শুনে ঘুম থেকে উঠে নিচে গিয়ে দেখি ফুয়াদ রক্তাক্ত অবস্থায় পরে আছে। দ্রুত তাকে ফরায়েজী হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে কুর্মিটোলা হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান। তবে কিভাবে সে নিচে পড়ে গেছে তা জানা নাই।
তিনি আরও জানান, ফুয়াদ নাঈমের বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর থানার তেঁতুলিয়া গ্রামে। বাবার নাম মো. মিলন।