Saturday 17 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জুলাই মাসেই জুলাই সনদ প্রকাশ করতে হবে: রাশেদ প্রধান

স্টাফ করেসপন্ডেন্ট
১ জুলাই ২০২৫ ২০:১৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান ও ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের ১ বছর পার হতে চলেছে। তবুও আমরা জুলাই সনদ প্রকাশ করতে পারছি না। এই ব্যর্থতার দায় কে নেবে?

রাশেদ প্রধান বলেন, অন্তর্বর্তী সরকার বার বার জুলাই সনদ প্রকাশের নতুন নতুন সময় দিয়েও তা পূরণে ব্যর্থ হয়েছে। রাজনৈতিক দলগুলো একমত হতে পারছে না। আমরা হাজারো শহিদের রক্তকে ব্যর্থ হতে দিতে পারি না, জুলাই গণঅভ্যুথানকে ব্যর্থ হতে দিতে পারি না। আগামীর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে জুলাই সনদকে হতে হবে আমাদের রূপরেখা। তাই আর বিলম্ব নয়, এই জুলাই মাসেই জুলাই সনদ প্রকাশ করতে হবে।

বিজ্ঞাপন

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে, আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মাসব্যাপী কর্মসূচির প্রথম দিন পল্টনস্থ কার্যালয়ে জুলাই শহিদদের স্মরণে দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

রাশেদ প্রধান বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা, আওয়ামী লীগ, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলার ছাত্র-জনতার সফল আন্দোলনের পরেও আমরা যদি জুলাই সনদ করতে না পারি তাহলে সব জুলাই যোদ্ধাকে ভবিষ্যতে সন্ত্রাসী হিসেবে গণ্য করা হবে। হাজারো শহিদের রক্তের ওপরে দাঁড়িয়ে অন্তর্বর্তী সরকারের শহিদের তালিকা প্রকাশে ব্যর্থতা, আহতের তালিকা প্রকাশে ব্যর্থতা, জুলাই সনদ প্রকাশে ব্যর্থতা, ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বিচারে ব্যর্থতা, সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচারে ব্যর্থতা, ভারতীয় আগ্রাসন রুখে দিতে ব্যর্থতা আমাদের ব্যথিত করে।

দোয়া মাহফিলের আরও বক্তব্য দেন- জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন প্রধান, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, সৈয়দ শফিকুল ইসলাম, নিজামুদ্দিন অমিত, ভিপি মুজিবুর রহমান, মো. হাসমত উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মহিদুর রহমান বাবলা, সাংগঠনিক সম্পাদক মো. হেলাল উদ্দিন, ঢাকা মহানগর আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, সদস্য সচিব আশরাফুল ইসলাম হাসু, শ্রমিক জাগপা সভাপতি আসাদুজ্জামান বাবুল, যুব জাগপা সাংগঠনিক সম্পাদক ওলিউল আনোয়ারসহ অন্যান্যরা।

সারাবাংলা/এফএন/এনজে