Sunday 10 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট

স্টাফ করেসপন্ডেন্ট
২২ জুলাই ২০২৫ ১৩:১৪

উত্তরায় দুর্ঘটনার শিকার এফ-৭ ফাইটার জেট। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ছাত্র-ছাত্রীসহ বহু হতাহতের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট করেছেন আইনজীবীরা।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে জনস্বার্থে এ রিট করেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন ও আইনজীবী আনিসুর রহমান রায়হান বিশ্বাস।

বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের হাইকোর্ট বেঞ্চে এ রিটের শুনানি হবে। রিটে জনবহুল এলাকায় ত্রুটিপূর্ণ বিমান ও যুদ্ধ বিমান উড্ডয়নের নিষেধাজ্ঞার নির্দেশনাও চাওয়া হয়েছে।

এছাড়া রিটে বিমানবাহিনীর অধীনে ত্রুটিপূর্ণ বিমানের সংখ্যা কত ও রক্ষণাবেক্ষণের কি কার্যক্রম নেওয়া হচ্ছে, তা জানতে নির্দেশনা চাওয়া হয়। পাশাপাশি মাইলস্টোন স্কুলের আহত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠাতে বলা হয়। একইসঙ্গে নিহতদের পরিবারকে পাঁচ কোটি ও আহতদের এককোটি টাকা করে ক্ষতিপূরণ চাওয়া হয় এ রিটে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২১ জুলাই দুপুর ১টার পর রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার কবলে পড়ে। বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গিয়ে বিধ্বস্ত হয়। এতে বহু শিক্ষার্থী হতাহতের শিকার হন।

সারাবাংলা/আরএম/এমপি